ফয়েস লেকে পাহাড় কেটে রাস্তা নির্মাণ, পরিবেশ আইনে মামলা

আপডেট : ০৫ জানুয়ারি ২০২৩, ২১:৫৩

চট্টগ্রাম নগরীর বায়েজিদ লিংক রোডে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় পাহাড় কেটে রাস্তা নির্মাণের কাজ বন্ধ করে দিয়েছে প্রশাসন। জেলা প্রশাসনের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উমর ফারুক বৃহস্পতিবার (৫ জানুয়ারি) এ অভিযান পরিচালনা করেন। 

এছাড়া পৃথক অভিযানে চট্টগ্রাম নগরীর খুলশী থানার ফয়েস লেক সংলগ্ন সালামতুল্লাহ বাইলেন ও আকবরশাহ থানার লেকসিটি এলাকায় পাহাড় কাটায় সম্পৃক্ততার অভিযোগে দু’জনের বিরুদ্ধে পরিবেশ আইনে মামলা হয়েছে। 

নির্বাহী ম্যাজিস্ট্রেট উমর ফারুক ইত্তেফাককে বলেন, বায়েজিদ লিংক রোডে পাহাড় কেটে রাস্তা নির্মাণের কাজ করছিলো এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন্স কর্তৃপক্ষ। পাহাড় কাটা পরিবেশ আইনের লংঘন বিধায় কাজটি বন্ধ করে দেওয়া হয়েছে। 

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলেছে, এই রাস্তাটি চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ) আগেই নির্মাণ করেছিল। বর্তমানে তারা বিভিন্নস্থান থেকে মাটি এনে রাস্তার সংস্কার কাজ করছে। আমরা তাদেরকে (বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ) এ সংক্রান্ত প্রয়োজনীয় কাগজপত্র উপস্থাপন করতে বলেছি। 

ম্যাজিস্ট্রেট ওমর ফারুক আরও বলেন, পৃথক অভিযানে নগরীর ফয়েস লেক সংলগ্ন এলাকায় পাহাড় কাটার প্রমাণ পাওয়া যায়। অভিযানকালে পাহাড় কাটার সঙ্গে দু’জনের সম্পৃক্ততা পাওয়া যায়। এরা হলেন, ইয়াসিন উল্লাহ রাশেদ ও স্বপন কুমার ভট্টাচার্য। 

এছাড়া আকবরশাহ থানার লেকসিটি এলাকায় পাহাড় কাটার সত্যতা পাওয়া যায়। উক্ত জায়গার মালিকানা কেউ স্বীকার করেনি। তদন্তপূর্বক মালিকানা চিহ্নিত করে পরিবেশ আইনে মামলা করা হবে। 

ইত্তেফাক/পিও