একুশের সাজে সাদাকালো

আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০২৩, ১৪:২৬

২১ ফেব্রুয়ারি প্রতিটি বাঙালির জন্যই বিশেষ দিন। ১৯৫২ সালের এই দিনে ভাষা আন্দেলনে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতেই প্রতিবছর পালিত হয় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। সরকারি ছুটির এই দিনে দেশবাসী শহীদদের প্রতি ফুল হাতে সম্মান জানাতে যান শহীদ মিনারে।

শহীদ মিনারে ফুল দেওয়া শেষে অনেকেই বিভিন্ন স্থানে ঘুরে-বেড়াতে যান। দিনটিতে সাজ-পোশাকেও থাকে একটি ভিন্ন পরিকল্পনা। তবে শোকের দিন হিসেবে একুশের সাজে সাদা-কালোকেই স্লিগ্ধ লাগে।

অত্যধিক রঙিন পোশাক ও সাজ এ দিনে অনেকটাই বেমানান। তাই খেয়াল রাখতে হবে আপনার সাজ-পোশাকে যেন বেশি চাকচিক্য না থাকে।

একুশের পোশাকে নারীদের প্রথম পছন্দ শাড়ি। কাপড়ের ক্ষেত্রে সুতির প্রাধান্য থাকলেও তাঁত, মসলিন, সিল্ক প্রভৃতির ব্যবহারও বাড়ছে। কেউ যদি ভারি কারুকাজের বা প্রিন্টের শাড়ি পরেন তাহলে ব্লাউজ পরুন সাধারণ। এ দিন তাঁতের শাড়ি, কাপড় বা পাটের ব্যাগ আর দেশীয় গয়না দারুণ মানিয়ে যায়।

সালোয়ার-কামিজের ক্ষেত্রে সাদা-কালোর পাশাপাশি ধূসর, কালচে সবুজ ও তামাটে রঙেরও পরতে পারেন। ব্লক, স্ক্রিন প্রিন্ট, অ্যামব্রয়েডারি, নানা রঙের সুতার নকশা করা পোশাক পরতে পারেন।

চুলে সাদামাটা বেণি বা খোঁপা করতে পারেন। যেহেতু দিনে আবহাওয়া এখন বেশ গরম, তাই চোখে কালো আইশ্যাডো ব্যবহার না করে হালকা ন্যুড আইশ্যাডো ব্যবহার করে মোটা করে কাজল দিতে পারেন চোখে।

ঠোঁটে হালকা রঙের লিপস্টিক ব্যবহার করুন। নেইলপলিশে এখন বিভিন্ন রঙ ব্যবহার হয়। এ দিন নখে নেইলপলিশের ওপর সাদা রঙ দিয়েও এঁকে নিতে পারেন বাংলার বিভিন্ন বর্ণ।

অনদিকে, পুরুষরা এ দিন বর্ণমালার ডিজাইন করা পাঞ্জাবি পরতে পারেন। মাথায় বাংলাদেশের পতাকা অথবা হাতে লাল-সবুজের কোনো ব্রেসলেটও পরতে পারেন। কারও যদি সারাদিনের জন্য বাইরে থাকার পরিকল্পনা থাকে তবে পূর্বপ্রস্তুতি নিয়ে বের হওয়াই ভালো। এছাড়া সন্ধ্যার পর পরার জন্য পাতলা শীতের কাপড় নিয়ে বের হতে পারেন।

ইত্তেফাক/এসকে

এ সম্পর্কিত আরও পড়ুন