সিলেটে বিএনপি নেতা আশিক চৌধুরীর বিরুদ্ধে খালেদা জিয়ার রাজনৈতিক সচিব হারিছ চৌধুরীর মেয়ে সামিরা তানজিন চৌধুরীকে প্রকাশ্যে ‘গলা টিপে হত্যার’ হুমকির অভিযোগ উঠেছে।
সোমবার (২০ ফেব্রুয়ারি) সামিরার চাচাতো ভাই রাহাত চৌধুরী কানাইঘাট থানায় একটি সাধারণ ডায়েরি করেন। অভিযুক্ত আশিক চৌধুরী সম্পর্কে সামিরার চৌধুরীর চাচা ও জেলা বিএনপির সাবেক সহসভাপতি।
জানা যায়, হারিছ চৌধুরীর চাচাতো ভাই ও কানাইঘাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আশিক চৌধুরী গত ১৭ জানুয়ারি উপজেলার রামধন গ্রামে হারিছ চৌধুরীর বাবার নামে প্রতিষ্ঠিত শফিকুল হক চৌধুরী মেমোরিয়াল এতিমখানায় শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে বক্তব্য দেন। বক্তব্যের একপর্যায়ে ক্ষুব্ধ হয়ে তিনি হারিছ চৌধুরীর মেয়েকে ‘গলা টিপে হত্যা’র কথা বলেন। এ সময় হারিছ চৌধুরীর পরিবারের অন্য সদস্যদের নিয়েও বিষোদ্গার করেন। এছাড়াও হারিছ চৌধুরী ও তার অন্যান্য ভাইয়ের পরিবারের সদস্যদের ওই এতিমখানায় ঢুকতে নিষেধ করেন এবং ঢুকলে মারধর করবেন বলে হুমকি প্রদান করেন।
এই বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে সিলেটসহ সারাদেশে সমালোচনার সৃষ্টি হয়।
রাহাত চৌধুরী বলেন, একাধিকবার কানাইঘাট থানায় জিডি করার চেষ্টা করেন। কিন্তু পুলিশের পক্ষ থেকে ‘বিষয়টি পারিবারিকভাবে শেষ করুন’ বলে বিদায় করে দেওয়া হয়। অবশেষে বাধ্য হয়ে ২০ ফেব্রুয়ারি অনলাইনে জিডি করি।
কানাইঘাট থানার ওসি গোলাম দস্তগীর বলেন, কথা সত্য নয়, শুধু বলেছিলাম- ‘সামিরা বিষয়টি জানেন কি না, না জানলে জানিয়ে জিডি করুন।’ জিডি হয়েছে বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
গত বছরের ১১ জানুয়ারি রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ‘হারিছ চৌধুরীর মৃত্যু’র খবর জানিয়ে একটি স্ট্যাটাস দিয়ে আলোচনায় আসে আশিক চৌধুরী। তখন তিনি ফেসবুকে লিখেছিলেন, ২০২১ সালের সেপ্টেম্বরে করোনায় আক্রান্ত হয়ে হারিছ চৌধুরী মারা গেছেন।
