ত্রাণকর্তাকে ছেড়ে গেল না সারস

আপডেট : ০৭ মার্চ ২০২৩, ১৬:৩২

ছোট একটি মানবিক কাজের মাধ্যমে অবিচল এক বন্ধু পেয়েছেন ভারতের উত্তর প্রদেশের মোহাম্মদ আরিফ (৩০)। খবর বিবিসি। 

গত বছরের ফেব্রুয়ারিতে আমেথির বাড়ি থেকে এক-দেড়শ মিটার দূরে নিজেদের ক্ষেতে গিয়ে আরিফ এক আহত সারসকে দেখতে পান। সারসটির পা ভেঙে গিয়েছিল, সেখান থেকে রক্ত ঝরছিল। আরিফ সারসটিকে বাড়িতে নিয়ে আসেন এবং ঘরোয়া চিকিৎসার মাধ্যমে ও যত্ন নিয়ে সারসটিকে সারিয়ে তোলেন। দেড় মাস পর সারসটি পুরোপুরি সুস্থ হয়ে ওঠে। 

কিন্তু, সুস্থ হওয়ার পরও সারসটি তাকে ছেড়ে যায়নি, তার সঙ্গে সঙ্গেই থাকতে শুরু করে। এভাবে তাদের মধ্যে বন্ধুত্বপূর্ণ একটি সম্পর্ক গড়ে ওঠে।

আরিফ বলেন, “দিনের বেলা যখন কাজে চলে যাই, সারসটি আশপাশে ঘুরে বেড়ায়, অন্যান্য পাখিদের সঙ্গে মেশে। কিন্তু যখন সন্ধ্যায় আমি ফিরে আসি সারসটি আমার কাছে চলে আসে, আমাকে আলিঙ্গন করে আর আমরা একসঙ্গে রাতের খাবার খাই।” 

সারসটি খুব কম সময়ই আরিফকে ছাড়া থাকে। আরিফ মোটরসাইকেলে করে চার-পাঁচ কিলোমিটার দূরে যান, সারসটিও তার পেছন পেছন উড়ে যায়। এভাবে আবার তারা ফিরে আসেন।

আরিফের সঙ্গে তার থালা থেকেই খাবার খায় সারসটি। তার সঙ্গে ক্ষেতে, মাঠে গিয়ে ঘুরে। 

আরিফ জানান, তারা কখনো সারসটিকে আটকে রাখেননি; সে তার ইচ্ছামতো ঘুরে বেড়িয়েছে এবং এখনও সেভাবেই আছে।

তিনি আরও বলেন, “কোনো কোনো দিন এটি উড়ে দূরে চলে যায়, কিন্তু সবসময়ই সূর্যাস্তের পর ফিরে আসে। বন্ধুত্ব স্বাধীনতার মাধ্যমে বিকশিত হয়।” 

ইত্তেফাক/এফএস/এসআর