সাভারে পৃথক দুর্ঘটনায় নিহত ৫ জনের লাশ উদ্ধার

আপডেট : ২০ জুন ২০১৯, ২১:৩৬

সাভারের বিরুলিয়া এলাকায় তুরাগ নদী থেকে অজ্ঞাত এক তরুণীর (১৮) এবং দোলা খাতুন (২০) নামের এক তরুণীর লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে বিরুলিয়ার তামান্না পার্কের পেছনে তুরাগ নদীর তীর এবং পৌর এলাকার অফদা রোড থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়।
 
সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আজগর আলী বলেন, স্থানীয়দের খবরের ভিত্তিতে তুরাগ নদী থেকে এক অজ্ঞাত তরুণীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতের শরীরে পচন ধরায় তার পরিচয় সনাক্ত করা সম্ভব হয়নি। নিহতের মরদেহ ময়না তদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।  

অপরদিকে দুপুরে অফদা রোড এলাকার একটি ভাড়া বাসা থেকে দোলা খাতুন নামের এক তরুণীর মরদেহ উদ্ধার করা হয়। দোলা রাজশাহীর সদর থানার মজিবুর রহমানের মেয়ে।

সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মাহবুবুল হক রনি জানান, সকালে ভাড়া বাসায় দোলা খাতুনের মরদেহ ঝুলতে দেখতে থানায় খবর দেয় প্রতিবেশীরা। পরে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। 

এ ঘটনায় সাভার থানায় দুটি পৃথক মামলা দায়ের করা হয়েছে। 

এ দিকে, বুধবার গভীর রাতে আশুলিয়ায় নবীনগর-চন্দ্রা মহাসড়কের শ্রীপুর বাসষ্ট্যান্ড এলাকায় ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে দুইজন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। নিহতরা হলেন, শেখ সদর আলী (৬১) ও আলমগীর হোসেন (২৮)। শেখ সদর আলী নড়াইল জেলার মৃত লাল মিয়ার ছেলে ও আলমগীর হোসেন সাতক্ষীরা জেলার সামাদ ফকিরের ছেলে।

আরও পড়ুন: বাবা হত্যায় ছেলের যাবজ্জীবন

সাভার হাইওয়ে থানার উপ পরিদর্শক (এসআই) শফিকুল ইসলাম জানান, নিহতদের পরিবারের পক্ষ থেকে অভিযোগ না থাকায় মরদেহ দুটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। একই সঙ্গে ঘাতক ট্রাকটি সনাক্তের চেষ্টা চলছে। 

অন্যদিকে সাভারের আমিনবাজার তুরাগ এলাকা থেকে বাস চাপায় নিহত এক অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

ইত্তেফাক/অনি