খাগড়াছড়ির জেলা সদরের খাগড়াপুর এলাকায় নিখোঁজের দুইদিন পর এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার নিহতের বড় ভাইয়ের বাড়ির পেছনে নির্মাণাধীন একটি সেপটিক ট্যাংক থেকে হাত-পা বাঁধা অবস্থায় প্রভাকর ত্রিপুুরার (২৫) লাশ উদ্ধার করা হয়। প্রভাকর ত্রিপুরা ঢাকা বাংলা সরকারি কলেজের সমাজকর্ম বিভাগের শেষ বর্ষের শিক্ষার্থী। সে খাগড়াপুরের মৃত সুরেন্দ্র ত্রিপুরার ছেলে।
জানা যায়, গত মঙ্গলবার রাতে বড় ভাই চিরঞ্জিত ত্রিপুরার বাড়িতে ঘুমিয়ে ছিল প্রভাকর ত্রিপুরা। বুধবার সকাল থেকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরে গতকাল সকালে বড় ভাই চিরঞ্জিত ত্রিপুরার বাসার পেছনে নির্মাণাধীন একটি সেপটিক ট্যাংক থেকে তার লাশ উদ্ধার করা হয়। জিজ্ঞাসাবাদের জন্য দুই ভাইকে আটক করেছে পুলিশ।
খাগড়াছড়ির অতিরিক্ত পুলিশ সুপার এম এম সালাহউদ্দিন জানান, প্রভাকর ত্রিপুুরার মাথাসহ বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। উদ্ধার করার সময় হাত-পা বাঁধা ছিল। লাশ ময়নাতদন্তের জন্য খাগড়াছড়ি সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
