টরন্টোয় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি নিহত

আপডেট : ২১ জুন ২০১৯, ১২:৪৩

কানাডার টরন্টোর ডাউনটাউনের রিজেন্ট পার্ক এলাকায় সড়ক দুর্ঘটনায় রত্না বেগম (৩০) নামে এক বাংলাদেশি নারী নিহত হয়েছেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্নালিল্লাহির রাজিউন।)  গত বৃহস্পতিবার দুপুর ১টার দিকে ডানডাস এবং রিজেন্ট পার্ক ব্লু বার্ড ইন্টারসেকশনের ডেনিয়েল স্পেক্ট্রামের সামনে এ দুর্ঘটনা ঘটে।

 

জানা গেছে, মাতাল অবস্থায় থাকা চালকের গাড়িটি ওই নারীকে সজোরে আঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। গাড়ির চালক পালিয়ে গেলেও পরে পুলিশ তাকে আটক করেছে। রত্না বেগম মাওলানা মেজবাহর স্ত্রী। তিনি দুই ছেলে হাফেজ মোবাশ্বির (১১), মোতাব্বির ( ৯) ও মেয়ে খাদিজাকে (৬) রেখে গেছেন।

আরো পড়ুন : এমন হারেও গর্ব করতে পারে বাংলাদেশ: হার্শা ভোগলে

রাস্তা পার হওয়ার জন্য অপেক্ষা করছিলেন রত্না। এ সময় গাড়িটি এসে তাকে আঘাত করে রাস্তার পাশে থাকা আগুন নেভানোর জলাধার ও বৈদ্যুতিক খুঁটির ওপর গিয়ে পড়ে।

 

টরন্টো শহরে অবস্থানরত পাঁচ ভাই আব্দুল আউয়াল, আব্দুল কাইয়ুম, আব্দুল লতিফ, আব্দুল হক, আব্দুল হান্নানের একমাত্র বোন রত্না বেগমের গ্রামের বাড়ি সিলেট সদর এলাকার বরইকান্দি গ্রামে।

 

ইত্তেফাক/ইউবি