কম্পিউটারের আয়তনও আস্তে আস্তে কমে আসতে শুরু করেছে। চলতি বছর মিনি কম্পিউটারের যুগ হিসেবে আখ্যায়িত করলে ভুল হবে না বোধহয়। সেই জোয়ারে গা ভাসিয়েই লেনোভো চীনা বাজারে নতুন মিনি কম্পিউটার নিয়ে এসেছে।
শিয়াওশিন নামে এই মিনি কম্পিউটারে আধুনিক ডিজাইন দেওয়া হয়েছে। সামনের দিকে বিভিন্ন কানেক্টিভিটি অপশন রয়েছে। এছাড়া ইউএসবি-এ, ইউএসবি-সি পোর্ট রয়েছে। গান শোনার জন্য ৩.৫ এমএম-এর অডিও ইন্টারফেসও যুক্ত করা হয়েছে।
তবে এই মিনি কম্পিউটারের সবচেয়ে বড় সুবিধা হলো আপনি একসঙ্গে চারটি মনিটর এতে সংযুক্ত করতে পারবেন। যারা মাল্টিটাস্কিং করেন তাদের জন্য এই সুবিধা তো অনেক বড় সুযোগ বটেই। নতুন মিনি কম্পিউটারে ইন্টেলের ১৩ প্রজন্মের প্রসেসর ব্যবহার করা হয়েছে। এটি ওজনে হালকা ও কভারে ডায়াগনাল স্ট্রাইপ প্যাটার্ন দেয়া হয়েছে। ছোট হলেও এর সক্ষমতা নিয়ে প্রশ্ন করার সুযোগ নেই। ক্ষমতাশালী প্রসেসরের সঙ্গে ১৫০ ওয়াটের প্লাটিনাম রেটেড পাওয়ার সাপ্লাই দিয়েছে লেনোভো। লেনোভোর দাবি, ভালো সক্ষমতা থাকার পরও মিনি কম্পিউটার হবে বিদ্যুৎসাশ্রয়ী। মিনি কম্পিউটারের এই সুবিধা স্বভাবতই টেকপ্রেমীদের মনোযোগ আকর্ষণ করেছে।
