শংকোষের বুকে অবৈধ ড্রেজার, হুমকির মুখে ব্রিজ বসতবাড়ি

আপডেট : ২১ জুন ২০১৯, ১৭:৫১

নাগেশ্বরীতে শংকোষ নদী থেকে অবৈধভাবে বালু তুলছেন স্থানীয় কয়েকজন বালু ব্যবসায়ী। এতে হুমকির মুখে পড়েছে শংকোষ ব্রিজসহ আশেপাশের বসতবাড়ি। 

সরেজমিনে, উপজেলার কচাকাটা ইউপির শংকোষ নদীতে দীর্ঘদিন ধরে ব্রিজের মাত্র ৭০ গজ থেকে এক কিলোমিটারের মধ্যে ৯টি ড্রেজার মেশিন বসিয়ে অবৈধভাবে বালু তুলতে দেখা গেছে। বালু তুলছেন স্থানীয় ইউপি সদস্য গাজীউর রহমান, আয়নাল হোসেন, কাছুয়া, বাচ্চু মিয়া, আতাউর রহমানসহ বেশ কয়েকজন বালু ব্যবসায়ী। আষাঢ়ে নদীতে পানি বৃদ্ধি পাওয়ায় শুরু হয় বালু তোলার মচ্ছোব। এতে দেবে যাচ্ছে নদী তীরের জমি, দেখা দিয়েছে ভাঙ্গন। ফলে বড় গর্ত হয়ে হুমকির মুখে পড়েছে শংকোষ ব্রিজ ও আশেপাশের বাড়ি।
 
স্থানীয় আজাদ আলী, মফিজুল ইসলাম, ব্রিজের পাশের দোকানদার রেজাউল ইসলাম, আবু বকর সিদ্দিকসহ অনেকে অভিযোগ করে বলেন, এ বিষয়ে বিভিন্ন জায়গায় জানানো হলে কয়েকদিন বন্ধ থাকার পর আবারও শুরু হয় বালু তোলা। 

আরও পড়ুন: শিক্ষক নিয়োগে ভুয়া প্রশ্নপত্র: ১০ লাখ টাকার চেকসহ গ্রেফতার ১

বালু ব্যবসায়ী ইউপি সদস্য গাজীউর রহমান জানান, অনেকেই এখান থেকে এভাবে বালু তোলে তাই আমিও তুলছি। 

এ বিষয়ে জানতে কচাকাটা ইউপি চেয়ারম্যান আব্দুল আউয়ালে সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলে তাকে পাওয়া যায়নি। 

নাগেশ্বরীর উপজেলার ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা আল ইমরান বলেন, অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

ইত্তেফাক/অনি