বগুড়ায় যুবককে কুপিয়ে হত্যা: নারায়ণগঞ্জ থেকে আসামি গ্রেপ্তার

আপডেট : ১১ এপ্রিল ২০২৩, ১৯:৪৪

বগুড়ার আদমদীঘির লক্ষীপুর গ্রামে আমিরুল ইসলামকে সালিশে ডেকে কুপিয়ে হত্যার মামলার  চিহ্নিত আসামি তৌহিদুল ইসলামকে (৪০) ঢাকার নারায়ণগঞ্জ থেকে গ্রেপ্তার করেছেন। গ্রেপ্তারকৃত তৌহিদুল উপজেলার নশরতপুর ইউনিয়নের লক্ষীপুর গ্রামের মৃত ইসমাইল হোসেনের ছেলে। 

সোমবার (১০ এপ্রিল) দিবাগত রাতে নারায়ণগঞ্জ শহরের একটি এলাকা থেকে র‌্যাব ও র‌্যাব ১২ এর সহযোগিতায় তাকে গ্রেপ্তার করে পুলিশ। 

আদমদীঘি থানার উপ-পরিদর্শক কাওছার আলী জানান, ২২ মার্চ বুধবার রাতে উপজেলার নশরতপুর ইউনিয়নের লক্ষীপুর গ্রামের বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেমের ছেলে আমিরুল ইসলাম খুন হয়। 

এ ঘটনায় বৃহস্পতিবার দুপুরে থানায় নিহতের বোন আফরোজা বেগম বাদী হয়ে শাহীন, তৌহিদুলসহ ৩৭ জনের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন। এ ঘটনায় পর তদন্ত শুরু করে পুলিশ। তদন্তের একপর্যায়ে সোমবার (১০ এপ্রিল) রাতে নারায়ণগঞ্জ শহরের একটি এলাকা থেকে পুলিশ ও র‌্যাবের যৌথ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়েছে। 

আদমদীঘি থানার ওসি রেজাউল করিম রেজা গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন।

ইত্তেফাক/পিও