কয়েকশ কোটি টাকা হাতিয়ে নেওয়া ই-মুভির এজেন্ট কারাগারে

আপডেট : ১৮ এপ্রিল ২০২৩, ১৯:৪১

বাংলাদেশ থেকে কয়েকশ কোটি টাকা লুটে নেওয়া চীনা অ্যাপ ই-মুভি প্ল্যানের রাজশাহীর এজেন্ট আজমল হুদা মানিক (৩৬) ও তার সহযোগী সিয়াম আলীকে (৩০) কারাগারে পাঠিয়েছেন আদালত। রাজশাহীর পবা নতুনপাড়া মহল্লার বাসিন্দা জুয়েল রানা টিটু (২৭) এ মামলার বাদী।

মঙ্গলবার (১৮ এপ্রিল) সকালে রাজশাহী সাইবার ট্রাইব্যুনালের বিচারক মো. জিয়াউর রহমান এ আদেশ দেন। এই মামলার এনামুল হক (৪২) নামের আরেক আসামি জামিনে রয়েছেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী ইসমত আরা এসব তথ্য নিশ্চিত করেন। 

জানা যায়, গত বছরের সেপ্টেম্বরে গুগল প্লে স্টোরে চীন থেকে অবমুক্ত করা হয় ই-মুভি প্ল্যান অ্যাপ। এই অ্যাপে সর্বনিম্ন ২ হাজার টাকায় একটি হিসাব খুলে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে টাকা দিলেই তা ব্যবহারকারীর হিসাবে মার্কিন ডলারে দেখাত। সেই ডলার দিয়ে অ্যাপে বিভিন্ন দেশের সিনেমার টিকিট কিনলেই লভ্যাংশ দেওয়া হতো। বিনিয়োগ করা টাকা উঠে যেত এক মাসেই। একসঙ্গে ৩ হাজার ডলার বিনিয়োগে মাসে লাভ দেখানো হতো ৩৬০ গুণ বেশি। 

হঠাৎ ১২ ফেব্রুয়ারি ই-মুভি বন্ধ হয়ে যায়। এই অ্যাপের সঙ্গে জড়িত ছিলেন কয়েকজন চীনা নাগরিক। গত ৭ জানুয়ারি তারা ঢাকায় এসেছিলেন। দেশের বিভিন্ন জেলা ও উপজেলা পর্যায়ে ই-মুভির এজেন্ট ছিল। রাজশাহীর এজেন্ট আজমল হুদা মানিক রাজশাহী নগরীর শিরোইল কলোনির সাড়ে ৩ নম্বর গলির এক ভাড়া বাড়িতে অফিস খুলেছিলেন। ই-মুভি প্ল্যান বন্ধ হয়ে গেলে তিনি অফিস বন্ধ করে পালিয়ে যান। রাজশাহীর অনেক গ্রাহক নওগাঁর মান্দায় মানিকের গ্রামের বাড়ি গিয়েও তার খোঁজ পাননি।

পরে প্রতারিত হওয়া জুয়েল রানা টিটু নামে একজন বাদী হয়ে আজমল হুদা মানিকসহ ৩ জনের বিরুদ্ধে নগরীর চন্দ্রিমা থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন। রাজধানী ঢাকা থেকে সিআইডি এ মামলায় কয়েকজনকে গ্রেপ্তার করেছে। 

রাষ্ট্রপক্ষের আইনজীবী ইসমত আরা বলেন, মানিক ও সিয়াম উচ্চ আদালত থেকে ছয় সপ্তাহের আগাম জামিনে ছিলেন। জামিন শেষে উচ্চ আদালতের নির্দেশনা অনুযায়ী তারা নিম্ন আদালতে হাজির হন। এ সময় আইনজীবীর মাধ্যমে তারা জামিনের আবেদন করেন। আদালত তা নামঞ্জুর করে দু’জনকে কারাগারে পাঠিয়েছেন।

ইত্তেফাক/এবি/পিও