এক নিকটাত্মীয়ের বউ পর পুরুষের হাত ধরে পালিয়ে গিয়েছিল। সে আত্মীয়কে দেখেছিলাম বউ পালানোর পরে বেজায় খুশি ছিল। এ খুশির কারণ জানতে পারিনি। অবশ্যই জানার চেষ্টাও করিনি। এক বন্ধুর বউও পালিয়ে গিয়েছিল! বউ চলে যাওয়ার পরে সে জীবনে তরতর করে উন্নতি করতে শুরু করল। আমি তাকে জিজ্ঞেস করেছিলাম, ‘কী বিষয়, বউ পালিয়ে যাওয়ার পরে এত উন্নতি হচ্ছে কেন তোর?’
সে উত্তরে বলেছিল, ‘বউ পালালে বুদ্ধি বাড়ে! বউ পালিয়ে যাওয়ার পর সব কিছুতে আমার মাথা ঠিকঠাক কাজ করে।’
তার কথা থেকে বুঝতে পারলাম, বউ পালিয়ে যাওয়ার পরে তার বুদ্ধি বেড়ে গিয়েছিল। আমরা চাই না, কারো বউ পালিয়ে যাক বা বউ পালিয়ে যাওয়ার পর কারো বুদ্ধি বেড়ে যাক। আসল কথায় আসি।
সাধারণেরা একাধিক বিয়ে করলে কোনো খবর হয় না। যত দোষ কিন্তু তারকারা করলে, তা মিডিয়ার খবর হয়। তারকা মানুষেরা বিয়ে নিয়ে যে অভিনয় শুরু করেছেন তার পরিসমাপ্তি কখন ঘটবে কে জানে! অভিনয় জগতের কিছু তারকা ঘটা করে বিয়ে করেন। হাসিমুখে সে বিয়ের খবর সবার কাছে প্রচারও করেন। অনেক সময় দেখা যায় এই তারকার এটা পাঁচ নম্বর বিয়ে। আবার দেখা যায় অনেকের থলেতেও কয়েকটি বিয়ে লুকানো থাকে। আবার কারো বউ কারো সাথে পালিয়ে গিয়েও বিয়ে করে। মানে এক বউ দুই স্বামী!
আরও একটি মজার ব্যাপার হচ্ছে, অনেক সময় পাত্র আর পাত্রীর বিয়ের সংখ্যা সমান থাকে। যেমন পাত্র আগে পাঁচটি বিয়ে করেছিলেন, এবার যাকে বিয়ে করতে যাচ্ছেন সেই পাত্রীরও পূর্বে পাঁচটি বিয়ে হয়েছিল। তবে বেশির ভাগ সময় দেখা যায় একটি বিয়ের দুদিন পর থলের আরেকটি বিয়ে বেরিয়ে পড়ে। অর্থাত্ যে মানুষটি দুদিন আগে ঘটা করে বিয়ে করেছে সে মানুষটির থলেতে অতীতের আরও দু চারটা বিয়ে ছিল। সে বিয়েগুলো থলে থেকে বেরিয়ে আলোর মুখ দেখতে পায় আর প্রকাশ্যে চলে আসে। সেই তারকার হাসিমুখ তখন গোমড়া হয়ে যায়। তারপর থলেতে লুকিয়ে থাকা সে বিয়েগুলো তিনি অস্বীকার করেন। পরিশেষে থলের বিয়ে প্রমাণসহ হাজির হয়। তবে দেশে এখন নতুন আতঙ্ক একজনের বউ অন্যের সাথে বিয়ে করে আবার বউ হয়ে যাওয়া। এদের জন্য পরিবার পরিকল্পনার স্লোগানের মতো নতুন স্লোগান বের করা উচিত— ‘দুটির বেশি বিয়ে নয়, একটি হলে ভালো হয়’!
এখানে দুটি বিয়েকে স্বাভাবিক ধরা হয়েছে কারণ, অভিনয় জগতে খোঁজ নিলে দেখা যাবে বেশিরভাগ তারকাই ২ বা ৩টি বিয়ে করেছেন। আচ্ছা, তারকা হলেই কি বিয়ে নিয়ে রঙ্গ তামাশা করা আবশ্যিক? নাকি গোপনে ২-৩টি বিয়ে করা কোনো কালচার হয়ে গেছে!
আর এই যুগে বউ পালিয়ে যাওয়ার যে ঝুঁকি সে হিসেবে আসলেই এখন অন্য হিসেব কষতে হবে!
