সাংবাদিক :কেমন আছেন?
জনপ্রিয় নায়িকা :জি জি ভালু আসি-কুব ভালু আছি।
সাংবাদিক :বর্তমান সময়ে আপনি তো খুবই জনপ্রিয় নায়িকা। হাতে অনেক কাজ, সিডিউল বের করতে হিমসিম খেয়ে যাচ্ছেন।
জনপ্রিয় নায়িকা :জি, জি। রাতদিন শুটিং করতে হয়। দম ফেলার সময় নাই। ঠিকমত নাওয়া-খাওয়া হয় না। আম্মু তো খুব বকে। বলে—এত কাজ হাতে নিবি না। কিছু ছেড়ে দিবি। কী করব বলেন? প্রযোজকরা আমাকে ছাড়া কাজ করবেই না।
সাংবাদিক :এর মধ্যে আপনি কিছু সাহসী চরিত্রেও অভিনয় করেছেন।
জনপ্রিয় নায়িকা :জি, জি। চরিত্রের প্রয়োজনে সাহসী হতে আমার আপত্তি নেই। আমি আরও সাহসী হতে চাই।
সাংবাদিক :আচ্ছা আচ্ছা, আপনার সাহসের তারিফ করতে হবে। আপনার ভবিষ্যত পরিকল্পনা কী?
জনপ্রিয় নায়িকা :কাজের চাপে ভবিষ্যত্ ভাবার সময় পাই না। ভবিষ্যত্ নিয়ে কখন ভাবি বলেন? এই এখন একটু সিডিউল ব্রেক আছে, এখন ইন্টারভিউ দিতে হচ্ছে। সাংবাদিকরা পেছনে এমনভাবে লেগে থাকে....ওফ!
সাংবাদিক :তারপরও... যখন বয়স হবে... আর কাজ থাকবে না... সিডিউলের জ্যাম থাকবে না...।
জনপ্রিয় নায়িকা :আমি ঠিক করছি, আম্রিকায় একটা বাড়ি বানাব। ইউরোপের কোনো কোনো দেশেও বাড়ি বানাব। তারপর আম্রিকা আর ইউরোপে থাকব।
সাংবাদিক :সিনেমা নিয়ে কিছু করার ইচ্ছা নাই? আমাদের সিনেমা শিল্পকে আপনাদের অনেক কিছুই দেওয়ার আছে, নতুনদের জন্য অনেক কিছু করার আছে।
জনপ্রিয় নায়িকা :না, না। চিনেমা থেকে চলে যাবার পর আর এদিকে ফিরেও তাকাব না। ধর্মকর্ম করব। এই পাপের মধ্যে আর আসব না।
সাংবাদিক :আপনি মনে করছেন, সিনেমা পাপ? এটা তো উচু মানের শিল্প। শিল্পী হয়ে শিল্পের প্রতি দায় থাকবে না?
জনপ্রিয় নায়িকা :ধেত্তারি! এই শিল্প পাপ—খুবই পাপ, মহাপাপ।
সাংবাদিক :তাহলে আপনি জেনেশুনেই এই পাপ কাজ করছেন?
জনপ্রিয় নায়িকা :পরে মাফ চেয়ে নেব। বললাম তো পরে পর্দার মধ্যে থেকে ধর্মকর্ম করব শুধু।
সাংবাদিক :এই যে দেশের সিনেমা থেকে কাড়িকাড়ি টাকা কামাচ্ছেন, সেই টাকা দিয়ে ইউরোপ-আমেরিকায় বাড়ি করে থাকবেন। দেশের জন্য কিছু করবেন না? দেশপ্রেম বলে একটা ব্যাপার তো আছে।
জনপ্রিয় নায়িকা :অবশ্যই দেশের জন্য কাজ করব। দেশকে নিয়ে অবশ্যই ভাবব। ফেসবুক আছে না? ফেসবুকে দেশপ্রেম নিয়ে লেখালেখি করব। ফেসবুকে লিখে জনগণকে দেশকে ভালোবাসার আহ্বান জানাব, দেশের জন্য কাজ করার আহ্বান জানাব।
সাংবাদিক :ও আচ্ছা আচ্ছা। আপনার দর্শকদের উদ্দেশ্যে কিছু বলুন।
জনপ্রিয় নায়িকা :দর্শকদের আমি অনেক অনেক অনেক ভালোবাসি। প্রিয় দর্শক, আপনারা আমাকে ভালোবাসেন বলে আমি কুবই আনন্দিত। আপনারা হলে গিয়ে বেশি বেশি আমার চিনেমা দেখবেন। এক চিনেমা তিন/চারবার দেখবেন, কেমন?
সাংবাদিক :সময় করে আমাকে ইন্টারভিউ দেওয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
জনপ্রিয় নায়িকা :আপনাকেও এত্তগুলা ধন্যবাদ। আর শোনেন, আমার ছবিটা কিন্তু বড় করে ছাপবেন। এট্টুখানি ছবি দিয়ে ইন্টারভিউ ছাপলে আমার ভাল্লাগে না।
