লালমনিরহাট বিএনপি-ছাত্রলীগ সংর্ঘষ, আহত ২০

আপডেট : ১৭ জুন ২০২৩, ২২:০৯

লালমনিরহাটের হাতীবান্ধায় বিএনপির সঙ্গে ছাত্রলীগের ধাওয়া পাল্টা-ধাওয়া ও সংর্ঘষের ঘটনা ঘটেছে। শনিবার (১৭ জুন) দুপুরে ওই উপজেলার ভেলাগুড়ি ইউনিয়নের বুড়িরহাট এলাকায় এ ঘটনা ঘটে। ওই সংর্ঘষে উভয় দলের অন্তত ২০ জন নেতা-কর্মী আহত হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ওই এলাকায় একটি দোয়া অনুষ্ঠান শেষে বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ব্যারিস্টার হাসান রাজীব প্রধান অপর একটি অনুষ্ঠানে নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে যাচ্ছিলেন। একই পথে যাচ্ছিলেন ছাত্রলীগের নেতা-কর্মীরাও। এতে দুই দলের নেতা-কর্মীদের মধ্যে প্রথমে ধাওয়া পাল্টা-ধাওয়া পরে সংর্ঘষের রূপ নেয়। এতে উভয় দলের অন্তত ২০ জন নেতা-কর্মী আহত হয়েছে। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনার জন্য বিএনপি ও ছাত্রলীগ একে অপরকে দায়ী করেছেন।

হাতীবান্ধা উপজেলার ভেলাগুড়ি ইউনিয়র ছাত্রলীগের সভাপতি আব্দুর রহমান রিপন বলেন, বিএনপি নেতা ব্যারিষ্টার হাসান রাজিব প্রধান ভেলাগুড়িতে একটি প্রোগ্রামে আসেন। প্রোগ্রাম শেষ করে তারা দলবল দিয়ে রাস্তার আমাদের নেত্রীকে নিয়ে কটূক্তিমূলক শ্লোগান দেন এবং বাজে মন্তব্য করে গালিগালাজ করছিল। পথিমধ্যে ছাত্রলীগের কর্মীরা প্রতিবাদ করলে এতে সংর্ঘষে রূপ নেয়। এতে ছাত্রলীগের বেশকিছু নেতা-কর্মী আহত হয়েছেন। তবে রাতেই জরুরিভাবে মিটিং ডাকানো হয়েছে। মিটিং শেষে মামলার সিন্ধান্ত নেব।

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ব্যারিস্টার হাসান রাজীব প্রধান বলেন, প্রয়াত নেতার কবর জেয়ারতের দোয়া অনুষ্ঠানে গায়ে পড়ে মারামারির ঘটনা সৃষ্টি করা হয়েছে। এটি রাজনৈতিক শিষ্টাচার বহিভূত কর্মকাণ্ড। অন্যের রাজনৈতিক কর্মকাণ্ডে হামলা করানো তাদের স্বৈরাচারী মনোভারের বহিঃপ্রকাশ। দোয়া অনুষ্ঠানে হামলা করতে গিয়ে তারা প্রমাণ করলো রাজনৈতিকভাবে তারা কতটা দেওলিয়া হয়েছে।
 
হাতীবান্ধা থানার ওসি শাহ আলম জানান, খবর পাওয়া মাত্র পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। এখন পর্যন্ত কোনো পক্ষ কোনো অভিযোগ দায়ের কারেন নাই।

ইত্তেফাক/পিও