হাতিরঝিলে রাজউকের উচ্ছেদ অভিযান

আপডেট : ১৯ জুন ২০২৩, ১৬:০০

রাজধানীর হাতিরঝিলে রাস্তা দখল করে অবৈধ স্থাপনা এবং নকশাবহির্ভূত ৩টি সাততলা ভবনসহ কয়েকটি ভবনে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। সোমবার (১৯ জুন) সকাল সাড়ে ১১টায় হাজিপাড়া মিরবাগ এলাকায় এ অভিযান চালানো হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট শারমিন আরা এ অভিযান পরিচালনা করেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট শারমিন আরা বলেন, রাজউক জোন ৬/১-এর মিরবাগ এলাকায় নকশাবহির্ভূত কয়েকটি বহুতল ভবনের অংশ ভেঙে ফেলা হয়েছে।

এছাড়া কয়েকটি ভবনের মালিকদের সতর্ক করে দিয়েছি যেন তারা পরবর্তীতে নকশা বহির্ভূত ভবন নির্মাণ না করে। তিনটি ভবনে মালিক ৩০০ টাকার নন জুডিশিয়াল স্ট্যাম্পে লিখিত দেয় যতটুকু নকশাবহির্ভূত অংশ নির্মাণ করেছে ততটুকু আগামী ১৫ দিন মধ্যে ভেঙে ফেলবে। 

স্থানীয়রা জানান, এই এলাকায় আগেও মোবাইল কোর্ট পরিচালনা হয় কিন্তু কিছু লোক অবৈধভাবে নকশাবহির্ভূত কাজ করে। রাস্তায় দখল করে অবৈধ স্থাপনা তৈরি এবং নকশাবহির্ভূত ভবন নির্মাণ করায় মাঝেমধ্যে উচ্ছেদ অভিযান করে। এই এলাকায় রাজউক নিয়মিত অভিযান পরিচালনা করলে নিয়মের বাইরে কেউ ভবন নির্মাণ করবে না।

এ সময় উপস্থিত ছিলেন অথরাইজড অফিসার প্রকৌশলী জোটন দেবনাথ, প্রধান ইমারত পরিদর্শক ইমরান হোসেন ও বেলাল হোসেন, ইমারত পরিদর্শক বিশ্বজিৎ সিংহ, মো. সাইফুল ইসলাম, মো. তারিফুর রহমান, ইমরান শেখ, মো. জিয়াউদ্দিন, মো. কামরুজ্জামান, সুমন আহমেদসহ রাজউকের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ইত্তেফাক/এসসি