পটুয়াখালীর কুয়াকাটা সৈকতে একটি ৫ ফুট লম্বা ইরাবতী ডলফিন ভেসে এসেছে। এর পেটের অংশে ফাটা রয়েছে এবং লেজের অংশে দাগ দেখা যাচ্ছে।
রোববার (২৫ জুন) বিকাল ৫টার দিকে কুয়াকাটার জিরো পয়েন্টের পূর্ব পাশে ফ্রাই মার্কেট সংলগ্ন ডলফিনটি দেখতে পায় কুয়াকাটা ডলফিন রক্ষা কমিটির সদস্য জুয়েল রানা। এর আগে গত ১১ মে সৈকতের ঝাউবন এলাকায় দু’টি মৃত ইরাবতী ডলফিন এসেছিল।
জুয়েল জানান, বিকালে সৈকত থেকে গঙ্গামতি যাওয়ার পথে ডলফিনটিকে এখানে পরে থাকতে দেখি। স্থানীয়দের সঙ্গে কথা বলে জেনেছি এটি সকালের জোয়ারে এসেছে।
সমুদ্রের নীল অর্থনীতি, উপকূলের পরিবেশ-প্রতিবেশ এবং জীববৈচিত্র্য নিয়ে কাজ করা গবেষণা প্রতিষ্ঠান ওয়ার্ল্ডফিশের ইকোফিশ-২ বাংলাদেশ প্রকল্পের সহযোগী গবেষক সাগরিকা স্মৃতি বলেন, সমুদ্রের পরিবেশ বিনষ্ট হওয়ায় সামুদ্রিক প্রাণীগুলো এভাবে মারা যাচ্ছে। আজকে ভেসে আসা ডলফিনটি ইরাবতী প্রজাতির। সম্ভব হলে আমরা স্যাম্পল সংগ্রহ করে পরীক্ষা-নিরীক্ষা করব।
বন বিভাগের মহিপুর রেঞ্জ কর্মকর্তা আবুল কালাম আজাদ জানান, ডলফিন রক্ষা কমিটির মাধ্যমে জেনেছি এখন আমাদের মাঠ পর্যায়ের কর্মকর্তাদের পাঠিয়ে মাটি চাপা দেওয়ার ব্যবস্থা করছি।
