সিলেটে ডেঙ্গু আতঙ্ক, হাসপাতালে ভর্তি ১৯

আপডেট : ০৮ জুলাই ২০২৩, ২১:৩৫

সিলেটে ডেঙ্গু আতঙ্ক বিরজ করছে গত কয়েক দিন থেকে। চলতি বর্ষা মৌসুমে এ পর্যন্ত সিলেট বিভাগে ৮৫ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন। গত ২৪ ঘণ্টায়ও সিলেটে শনাক্ত হয়েছেন আরও একজন ডেঙ্গু রোগী। 

সিলেট সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. জাহিদুল ইসলাম বলেন, বর্ষায় ডেঙ্গুর প্রকোপ বেড়েছে। এখন সতর্ক থাকার কোনো বিকল্প নেই। তিন সতর্ক করছেন বিশেষ করে শিশু ও বয়স্কদের বিষয়ে। ডেঙ্গুর লক্ষণ প্রকাশ পেলে দ্রুত বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়ার কথা বলেছেন তিনি।

এদিকে সিসিকের ২৬ নম্বর ওয়ার্ডের দুইটি স্থানে এডিস মশার লার্ভা পাওয়ার পর এখন সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে মিলেছে এডিস মশার লার্ভা। ওসমানী মেডিকেলের নির্মাণাধীন ভবনের বেশ কয়েকটি জায়গায় পাওয়া গেছে এডিস মশার লার্ভা। অবশ্য তাৎক্ষণিকভাবে এসব লার্ভা ধ্বংস করেছে সিসিক।

ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু রোগীর সংখ্যা বৃদ্ধি পেলে সঙ্গে সঙ্গে ডেঙ্গু রোগীদের জন্য ৩টি ওয়ার্ডে পৃথক ডেঙ্গু কর্নারের ব্যবস্থা করা হয়েছে।

সিলেটে হঠাৎ ডেঙ্গুর প্রকোপ বাড়ার কারণ হিসেবে চিকিৎসকরা বলছেন, ঢাকায় এখন ডেঙ্গু ভয়াবহ আকার ধারণ করেছে। সিলেটে আক্রান্ত বেশীর ভাগ রোগীই ঢাকা ফেরত। 

সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মাহবুবুর রহমান ভূঁইয়া জানান, সিলেট বিভাগে প্রথম ডেঙ্গু রোগী শনাক্ত হয়  গোয়াইঘাট উপজেলায়। সেই রোগীর ঢাকা ভ্রমণের রেকর্ড পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে, তিনি ঢাকা ভ্রমণের সময়ে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। এখন পর্যন্ত আক্রান্ত রোগীদের ক্রিটিক্যাল পরিস্থিতি তৈরি হয়নি। তবে সবাইকে সতর্ক থাকতে হবে ।

সিলেট বিভাগীয় স্বাস্থ্য অফিস জনায়, সিলেটে প্রতিদিনই শনাক্ত হচ্ছে ডেঙ্গু রোগী। গত ৬ মাসে সিলেট বিভাগে ৮৫ জন ডেঙ্গু রোগী শনাক্ত হন। যাদের মধ্যে বর্তমানে সিলেটের বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছেন ১৯ জন ডেঙ্গু আক্রান্ত রোগী। 

সিলেট বিভাগীয় উপ-পরিচালক (স্বাস্থ্য) ডা. শরীফুল হাসান জানান, সিলেট মহানগর ও জেলার পাশাপাশি বিভাগের বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রোগী শনাক্ত ও ভর্তি হচ্ছেন ডেঙ্গু আক্রান্ত রোগী।

বর্তমানে সিলেটের বিভিন্ন হাসপাতালে ১৯ জন ডেঙ্গু আক্রান্ত রোগী চিকিৎসাধীন রয়েছেন। যাদের ১২ জন চিকিৎসা নিচ্ছেন সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে, ৪ জন জালালাবাদ রাগীব রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে। এছাড়া সিলেটের গোয়াইনঘাট, মৌলভীবাজারের বড়লেখা ও শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে একজন করে রোগী ভর্তি থেকে চিকিৎসা নিচ্ছেন।

ওসমানী হাসপাতালের তিনটি ওয়ার্ডে পৃথক তিনটি ডেঙ্গু কর্নারের ব্যবস্থার পাশাপাশি  ডেঙ্গু রোগীদের চিকিৎসার জন্য বিশেষ টিম করা হয়েছে। সেখানে রোগীদের চিকিৎসা দেওয়া হচ্ছে জনায় স্বাস্থ্য বিভাগ।

ইত্তেফাক/এবি/পিও