বরিশাল আগৈলঝাড়ে পরিবহন শ্রমিকদের খামখেয়ালীপনায় শরীর থেকে এক পা বিচ্ছিন্ন হয়ে হাসপাতালে বিছানায় কাতরাচ্ছেন বরিশাল ও খুলনা বিভাগের অবসরপ্রাপ্ত স্বাস্থ্য পরিচালক ডা. অনিল চন্দ্র দত্ত।
শনিবার (২২ জুলাই) ডা. অনিল চন্দ্র দত্ত অভিযোগ করেন, ২১ জুন সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তিনি বরিশালে যাওয়ার জন্য গৌরনদী বাসস্ট্যান্ডে অপেক্ষা করছিলেন। এসময় বরিশালগামী গুনগুন পরিবহন যাত্রী তোলার সময় ডা. অনিল এগিয়ে গেলে শ্রমিকরা তাকে ধাক্কা মেরে ফেলে দেয়। এসময় ডা. অনিল মহাসড়কের ওপর ছিটকে পরলে বেপরোয়াগতির গুনগুন পরিবহনটি চাপা দিয়ে পালিয়ে যায়। এতে তার ডান পা শরীর থেকে বিছিন্ন হয়ে যায়। বাম পাও ক্ষতিগ্রস্থ হয়। স্থানীয়রা আহত অবস্থায় প্রথমে তাকে বরিশাল শেবাচিম ও পরে স্বজনরা উন্নত চিকিৎসার জন্য ঢাকার শমরিতা হাসপাতালে ভর্তি করেন। সেখানে টানা একমাস ধরে চিকিৎসা চলছে তার।
এদিকে, এ ঘটনায় ওই পরিবহন শ্রমিকদের বিরুদ্ধে জেলা পুলিশ সুপারের পরামর্শে স্থানীয় থানায় লিখিত অভিযোগ দায়ের করার একমাস পার হলেও কোনো সুফল আসেনি।
গৌরনদী মডেল থানার ওসি মো. আফজাল হোসেন বলেন, ডা. অনিল চন্দ্র দত্তের অভিযোগ পেয়েছি। দুর্ঘটনার পরিবহনটি শনাক্তের চেষ্টা চলছে, শনাক্ত হলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
