জাবিতে গণিত অলিম্পিয়াড শুক্রবার, বিজ্ঞান মেলা শনিবার

আপডেট : ২৬ জুলাই ২০২৩, ১৮:০০

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সায়েন্স ক্লাবের (জেইউএসসি) উদ্যোগে 'মেধা বিকাশে আপোষহীন, গণিত হোক সার্বজনীন' স্লোগানে আগামী শুক্রবার (২৮ জুলাই) ৯ম জাতীয় গণিত অলিম্পিয়াড এবং 'মস্তিষ্কে বিজ্ঞানের চাষ, সমৃদ্ধ করব মেধার বিকাশ’ স্লোগানে শনিবার (২৯ জুলাই) ৫ম জাতীয় বিজ্ঞান মেলা আয়োজন করা হয়েছে।

বুধবার (২৬ জুলাই) বিকাল তিনটায় বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের (টিএসসি) কনফারেন্স রুমে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ৯ম জাতীয় গণিত অলিম্পিয়াডের আহ্বায়ক তারেক মাহমুদ এসব তথ্য জানান।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তারেক মাহমুদ বলেন, আগামী শুক্রবার বিশ্ববিদ্যালয়ের স্কুল এন্ড কলেজ ভবনে গণিত অলিম্পিয়াড অনুষ্ঠিত হবে। এদিন সকাল সাড়ে নয়টা ও বেলা ১১টায় দু'টি শিফটের পরীক্ষা অনুষ্ঠিত হবে। এক ঘণ্টা-ব্যাপী পরীক্ষায় প্রত্যেক প্রতিযোগীকে ১০টি গাণিতিক সমস্যার সমাধান করতে হবে। মোট ৫০ নম্বরের পরীক্ষা হবে। মেধার ভিত্তিতে প্রতি শ্রেণি থেকে পাঁচজন বিজয়ীকে পুরস্কৃত করা হবে। তবে প্রত্যেক অংশগ্রহণকারীকে সার্টিফিকেট দেওয়া হবে।

এছাড়া আগামী শনিবার বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনে ‘৫ম জাতীয় বিজ্ঞান মেলা’ আয়োজিত হবে। এতে সায়েন্স কুইভা, ফোর মিনিট প্রেজেন্টেশন, পোস্টার প্রেজেন্টেশন, প্রজেক্ট শোকেসিং, রুবিক্স কিউব ও সায়েন্স ওপেন স্পিচসহ মোট ছয়টি বিভাগে প্রতিযোগীরা অংশগ্রহণ করতে পারবে। প্রত্যেক বিভাগের বিজয়ী ও প্রথম রানার-আপকে পুরস্কৃত করা হবে।

সংবাদ সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সায়েন্স ক্লাবের সভাপতি শাকিল ইসলাম, সাধারণ সম্পাদক শাকিল হোসাইন ও ৫ম বিজ্ঞান মেলার আহ্বায়ক মো. আল-মামুন প্রমুখ।

ইত্তেফাক/এআই