পরিবেশবাদী সংগঠন গ্রিন ক্লাইমেট ইনিশিয়েটিভ জলবায়ু পরিবর্তন মোকাবেলায় নারীর ক্ষমতায়ন নিয়ে সচেতনতামূলক ক্যাম্পেইনের আয়োজন করেন নোয়াখালী ও রংপুর জেলায়। শনিবার (২৯ জুলাই) এ ক্যাম্পেইন একযোগে নোয়াখালী ও রংপুর জেলায় অনুষ্ঠিত হয় ।
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ও বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর এর দুটি দল এ ক্যাম্পেইন পরিচালনা করেন। তারা নোয়াখালী ও রংপুরের বিভিন্ন গ্রামে সুবিধাবঞ্চিত নারীদের মধ্যে এ ক্যাম্পেইন পরিচালনা করেন ।
জলবায়ু পরিবর্তনের কারণে কিভাবে গ্রামের লবনাক্ততা বৃদ্ধি পাচ্ছে ও নানা প্রাকৃতিক দুর্যোগের কারণে তারা কিভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে তা নিয়ে তাদের সচেতন করা হয়। পাশাপাশি বিশেষভাবে নারীরা কিভাবে জলবায়ু সংক্রান্ত সমস্যা সমাধানে নিজেদের ভূমিকা রাখতে পারে এ বিষয়ে বিশেষ ক্যাম্পেইন পরিচালনা করা হয়।
গ্রিন ক্লাইমেট ইনিশিয়েটিভ এর সহ-প্রতিষ্ঠাতা মো. তরিকুল ইসলামের বলেন, বাংলাদেশের জলবায়ু পরিবর্তনের সবচেয়ে বড় শিকার উপকলীয় জেলাগুলোর নিচু এলাকাসমূহ। নোয়াখালী যার মধ্যে অন্যতম। এছাড়াও উত্তরবঙ্গের জেলা রংপুরও এর বাইরে নয়। জলবায়ু পরিবর্তনের ফলে এ অঞ্চলের মাত্রাতিরিক্তভাবে লবণাক্ততা বৃদ্ধি পেয়েছে। ফলে নারীরা দৈনন্দিন গৃহস্থালি কাজ, যেমন গোসল করা, কৃষিকাজ, গবাদিপশু পালন, চিংড়ির পোনা ধরাসহ অন্যান্য অর্থনৈতিক কাজে লবণাক্ত পানি ব্যবহারের কারণে লিউকোমিয়াসহ সাধারণ পানিবাহিত রোগ ও চর্মরোগের সংক্রমণে বেশি আক্রান্ত হয়। এছাড়াও প্রাকৃতিক দুর্যোগে এই সমাজের পিছিয়ে পড়া নারীরাই বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন। আমরা আশা করি এ আয়োজনের মধ্য দিয়ে এসব এলাকার নারীরা আরও সচেতন হতে পারবে ও জলবায়ু সংক্রান্ত সমস্যা সমাধানে নিজেদের অংশীদার বানাতে পারবে।

