মেডিকেল টিমের দাবি ডেঙ্গু ‘পজিটিভ’, হাসান বলছেন ‘নেগেটিভ’

আপডেট : ০১ আগস্ট ২০২৩, ২১:৪১

গণমাধ্যমে প্রকাশিত খবরে জানা যায় জাতীয় ক্রিকেট দলের সদস্য পেসার হাসান মাহমুদ ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। কয়েক ঘণ্টা যেতে না যেতেই হাসানের ডেঙ্গু আক্রান্তের খবর নিয়ে ধোঁয়াশা সৃষ্টি হয়। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মেডিকেল বিভাগ হাসানের ডেঙ্গু পজিটিভ হওয়ার খবর জানালেও হাসানের দাবি, সর্বশেষ রিপোর্টে ডেঙ্গু নেগেটিভ এসেছে তার। 

গত কয়েকদিন ধরেই জ্বরসহ ডেঙ্গুর অন্যান্য উপসর্গ ছিল হাসানের। 

বিসিবির মেডিকেল বিভাগের নাম প্রকাশে অনিচ্ছুক এক সূত্র গণমাধ্যমকে জানায়, গত ৩০ জুলাই হাসানের ডেঙ্গু পরীক্ষার ফলাফল পজিটিভ এসেছে। তবে হাসান জানিয়েছেন, তার ডেঙ্গু টেস্টের ফলাফল নেগেটিভ এসেছে। 

নিজের ফেসবুক পেইজে গত ২৮ জুলাইয়ের ডেঙ্গু পরীক্ষার রিপোর্ট স্টোরি আকারে পোস্ট করেছিলেন হাসান। সেখানে রিপোর্ট ছিল নেগেটিভ। যদিও খানিক পর সেই স্টোরি মুছে ফেলেন তিনি। 

তবে মেডিকেল বিভাগের সূত্র জানিয়েছে, ৩ দিন ধরে প্লাটিলেট কমছিল হাসানের। ছিল ডেঙ্গুজ্বরের অন্যান্য উপসর্গও। তবে চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী বর্তমানে স্থিতিশীল রয়েছেন তিনি। 

ইত্তেফাক/এসজেড