সিরাজগঞ্জের শাহজাদপুরে পাঁচ বছর বয়সী শিশু ফাতেমা (৫) হত্যার রহস্য উদ্ঘাটন করেছে পুলিশ। কানের স্বর্ণের দুল কেড়ে নিতেই নজরুল ইসলাম (২৫) নামে এক প্রতিবেশী মামা তাকে গলা টিপে হত্যা করে।
শুক্রবার (৪ আগস্ট) বেলা সাড়ে ১১টায় সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সহকারী পুলিশ সুপার (শাহজাদপুর সার্কেল) মো. কামরুজ্জামান।
জানা যায়, সোমবার (৩১ জুলাই) সকালে ফাতেমাকে আখ খেতে দেওয়ার কথা বলে ডেকে নিয়ে যায় নজরুল। ঘণ্টাখানেক পর কাপড়-চোপড় ভেজা অবস্থায় আখ হাতে নিয়ে ফাতেমার বাড়িতে গিয়ে তার খোঁজ করে নজরুল। এ সময় সে জানায়, ফাতেমা তার সঙ্গে যায়নি। পরে সবাই শিশুটির সন্ধান শুরু করে। এলাকায় মাইকিং করা হয়।
বুধবার বিকালে এক নারী ফাতেমার বাড়িতে এসে জানায়, শিয়াল একটি পা টেনে নিয়ে যাচ্ছে। পরে খবর পেয়ে ওইদিন সন্ধ্যায় পুলিশ গ্রামের একটি ঘাসক্ষেত থেকে ফাতেমার অর্ধগলিত লাশ উদ্ধার করে।
এ ঘটনায় বৃহস্পতিবার ফাতেমার মা মোছা. নুরজাহান বাদী হয়ে শাহজাদপুর থানায় মামলা করেন। রাতেই পুলিশ উপজেলার ইসলামপুর ডায়া মোড় এলাকা থেকে নজরুলকে গ্রেপ্তার করে। পরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়।
সহকারী পুলিশ সুপার মো. কামরুজ্জামান বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যার দায় স্বীকার করে নজরুল জানিয়েছে, সে ঢাকায় রিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করত। চার-পাঁচ বছর আগে মার্জান গ্রামে জমি কিনে বাড়ি করে। সে ফাতেমাকে মাঝেমধ্যে খাবার কিনে দিত। সেজন্য ফাতেমা তার বাড়িতে যেত ও মামা ডাকত। ১০-১৫ দিন আগে সে ঢাকা থেকে ফিরে এলেও আয় না থাকায় ঋণগ্রস্ত হয়ে পড়ে। ফলে, নজরুল ফাতেমার কানে থাকা স্বর্ণের দুল নেওয়ার পরিকল্পনা করে। সে অনুযায়ী ঘটনার দিন সকাল ১০টায় ফাতেমাকে ঘাস ক্ষেতে নিয়ে যায়। এরপর ভয় দেখিয়ে দুল খুলে নেয়। এ সময় ফাতেমা চিৎকার করলে তাকে গলা টিপে হত্যা করে লাশ ফেলে রেখে আসে।
