নাটোরে প্রেমিকার ‘অশ্লীল ভিডিও’ ধারণের অভিযোগে কারাগারে যুবক 

আপডেট : ১০ আগস্ট ২০২৩, ২০:১১

নাটোরের নলডাঙ্গায় ঘুরতে নিয়ে যাওয়ার কথা বলে প্রেমিকার অশ্লীল ভিডিও ধারণের অভিযোগে কৌশিক (২১) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১০ আগস্ট) রাতে বাগাতিপাড়া উপজেলার গালিমপুর গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার কৌশিক একই এলাকার জুয়েল ইসলামের ছেলে ও বাগাতিপাড়া ডিগ্রি কলেজের ছাত্র।

মামলা সূত্রে জানা যায়, চলতি বছরের ১৬ জুলাই দুপুরে নলডাঙ্গা উপজেলার হালতি বিলে প্রেমিকাকে ঘুরতে যায় কৌশিক। এ সময় প্রেমিকার ছবি তোলার ফাঁকে গোপনে অশ্লীল ভিডিও ধারণ করে কৌশিক। পরে তার প্রেমিকাকে অনৈতিক প্রস্তাব দিলে তা প্রত্যাখান করায় অশ্লীল ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দেয়। এ ঘটনায় ভুক্তভোগী ওই প্রেমিকা গত ৬ আগস্ট বাদী হয়ে নলডাঙ্গা থানায় কৌশিকের বিরুদ্ধে পর্নোগ্রাফি আইনে মামলা করে।

নলডাঙ্গা থানার ওসি আবুল কালাম বলেন, অভিযুক্ত কৌশিককে গ্রেপ্তার এবং তার ব্যবহৃত মোবাইল ফোন জব্দ করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

ইত্তেফাক/এবি