মৌলভীবাজারের কুলাউড়ায় জঙ্গি আস্তানা সন্দেহে একটি বাড়িতে অভিযান চালিয়েছে পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট। প্রায় সাড়ে ৪ ঘণ্টা অভিযান শেষে বাড়িটি থেকে ১৩ জনকে আটক করা হয়েছে।
শনিবার (১২ আগস্ট) ভোর থেকে ‘অপারেশন হিলসাইড’ নামে এ অভিযান ৪ ঘন্টা পরিচালনা করা হয়। অভিযান শেষে সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন সিটিটিসির প্রধান মো. আসাদুজ্জামান।
আটককৃতদের মধ্যে ৬ জন নারী, ৪ জন পুরুষ রয়েছেন। এ সময় আটকৃতদের সঙ্গে থাকা তিন শিশুকেও হেফাজতে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সিটিটিসি প্রধান।
সিটিটিসির প্রধান জানান, অভিযান চালিয়ে বাড়িটি থেকে ৩ কেজি বিস্ফোরকসহ ৩ লাখ ৬১ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। এছাড়া ওই বাড়িতে দীর্ঘদিন অবস্থান করার জন্য প্রয়োজনীয় খাদ্যপণ্যের মজুদ ছিল বলেও জানানো হয়।
এর আগে, জঙ্গি আস্তানা সন্দেহে শুক্রবার সন্ধ্যা থেকে বাড়িটি ঘিরে রাখা হয়। পরে শনিবার সকাল ৬টা থেকে অভিযান শুরু করে সিটিটিসি।
