ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলা সদরে চারতলা বিশিষ্ট আধুনিক উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন থেকে অবৈধ দখলদারদের উচ্ছেদ করা হয়েছে।
বৃহস্পতিবার (১৭ আগস্ট) দুপুরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের প্রধান ফটকের তালা ভেঙে ভিতরে প্রবেশ করেন।
অবৈধভাবে দখল করা প্রথম ও দ্বিতীয় তলার ভবনে ৫টি রুমের তালা ভেঙে রুমে থাকা তিনটি ল্যাপটপ, দুটি ডেক্সটপ, দুটি ফাইল কেবিনেট, ৪০টি চেয়ার ও ৮টি টেবিল সহ বিভিন্ন মালামাল জব্দ করে নিয়ে আসেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট। পরে মুক্তিযোদ্ধা ভবনের প্রধান ফটকে ও রুমে তালা লাগিয়ে দেয়। দখলদাররা অভিযানের বিষয়টি আগেই জানতে পেরে তারা পালিয়ে যায়।
গত কয়েক মাস আগে স্থানীয় একটি প্রভাবশালী মহল মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে প্রথম ও দ্বিতীয় তলায় ‘প্রযুক্তি একাডেমি’ নামে একটি কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র, উত্তরা সেভিংস অ্যান্ড ক্রেডিট কো-অপারেটিভ সোসাইটি লিমিটেড, আমেরিকান লাইফ ইন্সুরেন্স ‘মেটলাইফ’, মর্ডাণ ফুডসহ ৫টি প্রতিষ্ঠানের কাছে অবৈধভাবে ভাড়া দিয়ে মোটা অংকের টাকা হাতিয়ে নেয়।
দেশের শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদের সুবির্ধাথে চার তলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন নির্মাণের উদ্যোগ নেয় সরকার। ১ কোটি ৭৫ লাখ টাকা ব্যয়ে ময়মনসিংহের ফুলবাড়িয়া বড়পুকুর মসজিদ সংলগ্ন চার তলা বিশিষ্ট আধুনিক মুক্তিযোদ্ধা ভবনটি নির্মাণ করা হয়। নিচ তলায় ৫টি ও দ্বিতীয় তলায় ৪টি দোকান, তৃতীয় তলায় মুক্তিযোদ্ধাদের অফিস কক্ষ ও চতুর্থ তলায় কনফারেন্স রুম রয়েছে। ২০১৮ সালের ২ নভেম্বর নির্মিত ভবনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রায় ৫ বছর আগে প্রধানমন্ত্রী উদ্বোধন করলেও ভবনটি মুক্তিযোদ্ধাদের কাছে হস্তান্তর করা হয়নি।
আমেরিকান লাইফ ইন্সুরেন্স ‘মেটলাইফ’ এর ফুলবাড়িয়ার দায়িত্বরত কর্মকর্তা শিহাব বলেন, গত তিন মাস আগে স্থানীয় মাহবুবুর রহমান নামের এক ব্যক্তির মাধ্যমে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের একটি রুম ভাড়া নিয়ে অফিস পরিচালনা করছি। আজ (বৃহস্পতিবার) দুপুরে ইউএনও অভিযান চালিয়ে রুমে তালা লাগিয়ে দিয়েছে।
মাহবুবুর রহমান মাহবুব বলেন, একজন সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মুক্তিযোদ্ধা ভবন ভাড়া দেওয়ার বিষয়ে বলেছিলেন, আমি তাদের (ভাড়াটিয়া) সঙ্গে আলোচনা করিয়ে দিয়েছি।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহা. নাহিদুল করিম জানান, উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সটি এখনো হস্তান্তর করা হয়নি। অবৈধভাবে ৫টি রুম দখল নিয়ে বিভিন্ন এনজিও অফিস পরিচালনা করছিল। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে দখলকৃত রুমের তালা ভেঙে ভেতরে থাকা মালামাল জব্দ করা হয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে পরবর্তীতে অবৈধ দখলদারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
