নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলা প্রাণিসম্পদ অফিসের অনিয়মের সংবাদ প্রকাশ করায় সাংবাদিককে দেখে নেওয়ার হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ সময় প্রতিবেদকের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা করার হুমকিও দেওয়া হয়। এ ঘটনায় ভুক্তভোগী সাংবাদিক উপজেলা নির্বাহী অফিসার ও থানায় লিখিত অভিযোগ করেছেন।
রোববার (২০ আগস্ট) সকাল ১১টার দিকে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা নুরুল আজীজের দপ্তরে এ ঘটনা ঘটে।
অভিযোগে বলা হয়, ১৯ আগস্ট দৈনিক ইত্তেফাকের অনলাইন সংস্করণে ‘প্রাণিসম্পদ অফিসের অনিয়ম: খামারির তালিকায় জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতা’ শিরোনামে খবর প্রকাশিত হয়। এ ঘটনার পরিপ্রেক্ষিতে প্রাণিসম্পদ কর্মকর্তা নুরুল আজীজ ওই প্রতিবেদকের ওপর ক্ষিপ্ত হন।
রোববার সকাল ১১টার দিকে ছাগলের পিপিআর রোগের ভ্যাকসিন কার্যক্রমের তথ্য চাইতে গেলে এই প্রতিবেদককে অফিস থেকে বের করে দেন। আবারও ওই কর্মকর্তার দপ্তরে গেলে চাঁদাবাজির মামলা দিবেন বলে হুমকি দেন। এছাড়াও তিনি অশালীন ভাষায় গালিগালাজ ও সাংবাদিকদের ‘ফালতু’ বলে উল্লেখ করেন।
এ সময় প্রাণিসম্পদ কর্মকর্তা নুরুল আজীজ বলেন, আমি কোনো তথ্য দিতে পারবো না আপনি আমার অফিস থেকে বের হয়ে যান। আপনি কত বড় সাংবাদিক হয়েছেন তা আমি দেখে নিব। তিনি একথা বলার পরপরেই প্রাণিসম্পদ কর্মকর্তার কক্ষে তেড়ে আসেন অফিস সহকারী নূরুল হক।
কিশোরগঞ্জ থানার ওসি রাজীব কুমার রায় বলেন, লিখিত অভিযোগ পেয়েছি। এ বিষয়ে তদন্ত সাপেক্ষে আইননানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

