গরম মানেই তাপমাত্রা বৃদ্ধি আর ধুলোবালির রাজত্ব। আর ইলেকট্রনিক্স যন্ত্রাংশের শত্রুদের একটি এই ধুলো-ময়লা। তাই এই গরমে শুধু কম্পিউটার, ক্যামেরা, মোবাইল ফোন, টেলিভিশন কিংবা মিউজিক প্লেয়ারই নয়, অন্যান্য ইলেকট্রনিক সামগ্রীও পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা জরুরি।
টিভি স্ক্রিন পরিষ্কার করার জন্য পরিষ্কার সুতির কাপড় ব্যবহার করুন। টিভি স্ক্রিনের ওপর সরাসরি স্প্রে বা সলভেন্ট ব্যবহার করা যাবে না। পেপার টাওয়েলে সামান্য ভিনিগার বা স্প্রে দিয়ে টিভির স্ক্রিন মুছে ফেলুন। টিভির পেছনের অংশের যেখানে বৈদ্যুতিক তার থাকে, সেই অংশ ভ্যাকুয়াম ক্লিনার দিয়ে পরিষ্কার করে নিন।
ধুলো জমলেই সিডি প্লেয়ারে সমস্যা শুরু হয়। তাই এটি কদিন পরপরই পরিষ্কার করুন। গ্যাজেটস ভালো রাখার জন্য বিশেষ করে কম্পিউটারে নির্দিষ্ট সময় অন্তর অ্যান্টি ভাইরাস আপডেট করুন।
বাইরে বেড়াতে যাওয়ার সময় ক্যামেরা, ল্যাপটপ প্যাক করার সময় উপযুক্ত ব্যাগ বেছে নিন। কারণ, অতিরিক্ত আর্দ্র আবহাওয়ায় ক্যামেরার লেন্সে ফাঙ্গাস পড়ার আশঙ্কা রয়েছে। তাই ভালোভাবে পরিষ্কার করে ব্যাগের মধ্যে ভরে নিন।
কম্পিউটারের মনিটর পরিষ্কার করার জন্য অল্প ভেজা কাপড় ব্যবহার করুন। কম্পিউটারের ইলেকট্রিক ওয়্যার পরিষ্কার করার জন্য ভ্যাকুয়াম ক্লিনারের হোস অ্যাটাচমেন্ট ব্যবহার করা ভালো। এলসিডি স্ক্রিন পরিষ্কার করার জন্য নরম, শুকনো সুতির কাপড় ব্যবহার করুন।
কিবোর্ডে লিকুইড কোনো খাবার পড়ে গেলে সঙ্গে সঙ্গে কম্পিউটার শাটডাউন করে ফেলা উচিত। তারপর কিবোর্ড সামান্য উল্টে ফেলুন। লিকুইড যদি চ্যাটচেটে না হয়, তাহলে হেয়ার ড্রায়ার ব্যবহার করুন। ভিজে ভিজে ভাব কেটে যাবে। তারপর নরম কাপড় দিয়ে মুছে ফেলুন। তারপরও যদি পরিষ্কার না হয়, তাহলে কম্পিউটার টেকনিশিয়ানের সাহায্য নিতে হবে।
মোবাইল ফোনের ধুলো-ময়লা এবং আঙুলের ছাপ দূর করার জন্য ভেজা কাপড় দিয়ে মুছে নিন। তারপরও ধুলো থেকে গেলে পানিতে সামান্য ডিটারজেন্ট মিশিয়ে নিন। এর মধ্যে কাপড় ডুবিয়ে নিয়ে মুছুন।

ঘরের সৌন্দর্য বাড়ায় শোপিস
প্লাটিলেট বাড়ায় যেসব খাবার