জাবিতে সাংবাদিক মারধরের ঘটনায় তদন্ত কমিটি

আপডেট : ২২ আগস্ট ২০২৩, ১৮:০৮

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে সাংবাদিককে মারধরের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এছাড়া কমিটিকে আগামী সাত কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

সোমবার (২১ আগস্ট) দিবাগত রাতে হল প্রশাসনের জরুরি বৈঠকে তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানান হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. ইস্রাফিল আহমেদ।

তদন্ত কমিটির প্রধান হিসেবে আছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের ওয়ার্ডেন অধ্যাপক মো. এজহারুল ইসলাম। কমিটির অন্য দুই সদস্য হলেন- হলের আবাসিক শিক্ষক পলাশ সাহা ও আ জ ম উমর ফরুক সিদ্দিকী।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. নূরুল আলম বলেন, ‘হল প্রশাসনের সাথে কথা বলেছি। সাংবাদিককে মারধরের ঘটনা দ্রুত তদন্ত করে প্রতিবেদন জমা দিতে বলেছি। এ ঘটনায় জড়িতদের ছাড় দেওয়া হবে না।’

এর আগে, গত রবিবার দিবাগত রাতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের গেস্টরুমের ভিডিও করার সন্দেহে হলের মাঠে গিয়ে বার্তা সংস্থা ইউনাইটেড নিউজ অব বাংলাদেশের (ইউএনবি) জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি আসিফ আল মামুনকে মারধর করে ছাত্রলীগের নেতাকর্মীরা।

ইত্তেফাক/এআই