ভাঙন রোধে কাজ করছে পাউবো

যমুনায় পানি কমতে থাকায় সিরাজগঞ্জে ভাঙন শুরু

আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২৩, ১৫:৫৪

সিরাজগঞ্জে যমুনা নদীর পানি কমতে থাকায় তীব্র ভাঙন শুরু হয়েছে। ইতোমধ্যেই ভাঙন এলাকার অনেক বাড়িঘর, শিক্ষা প্রতিষ্ঠান ও ফসলি জমি নদী গর্ভে বিলীন হয়েছে। ভাঙন রোধে পানি উন্নয়ন বোর্ড কাজ করছে।

স্থানীয় পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী রনজিৎ কুমার জানান, কয়েকদিন ধরে যমুনার পানি বাড়ছিল। এতে যমুনার তীরবর্তী চৌহালী, বেলকুচি, শাহজাদপুর, কাজিপুর ও সিরাজগঞ্জ সদর উপজেলার নিম্নাঞ্চল বন্যা কবলিত হয়ে পড়েছে।  প্রতি বছরই যমুনার পানি বৃদ্ধি ও কমার সময় চৌহালী উপজেলার বিভিন্ন স্থানে তীব্র ভাঙন দেখা দেয়। 

তিনি জানান,উপজেলার খাষপুখুরিয়া থেকে বাঘুটিয়া ইউনিয়নের ভুতের মোড় এলাকার বিভিন্ন স্থানে তীব্র ভাঙন শুরু হয়েছে। বহু বাড়িঘর, শিক্ষা প্রতিষ্ঠান পানিতে নিমজ্জিত হয়েছে এবং রোপা আমনসহ ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

এদিকে দুদিন ধরে যমুনার পানি কমতে থাকায় ভাঙনের তীব্রতা বাড়ছে।

ইতোমধ্যেই বিনানই, চরসলিমাবাদ এলাকার বসতভিটা ও দুই মসজিদসহ বিস্তীর্ণ ফসলি জমি নদীগর্ভে বিলীন হয়েছে। এতে ওই ভাঙন এলাকার হুমকির মুখে রয়েছে ইউনিয়ন পরিষদ, দুটি স্বাস্থ্য কেন্দ্র, বাজারসহ প্রায় ১৭ টি শিক্ষা প্রতিষ্ঠান। অবশ্য পানি উন্নয়ন বোর্ড  চৌহালীতে এ ভাঙনরোধে জিও ব্যাগ ফেলা হচ্ছে।  

চৌহালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুব হাসান বলেন, ভাঙন এলাকা পরিদর্শন করেছি। এ বিষয়ে জেলা প্রশাসককে অবহিত করেছি।

অপরদিকে, জেলার শাহজাদপুর, কাজিপুর ও সিরাজগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের অনেক স্থানেও ভাঙন দেখা দিয়েছে।

ইত্তেফাক/আরএজে