দুদক ডেকেছে তাই এসেছি: ড. ইউনূস

আপডেট : ০৫ অক্টোবর ২০২৩, ১৪:১৯

নোবেল জয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, দুদক আমাকে ডেকেছে তাই এখানে এসেছি। এটা একটা লিগ্যাল ম্যাটার। এই বিষয়ে আইনজীবী বলবেন। 

আজ বৃহস্পতিবার (৫ অক্টোবর) তলব নোটিশে দুদকে হাজিরা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

গত ২৭ সেপ্টেম্বর গ্রামীন টেলিকমের চেয়ারম্যান ড. মুহাম্মদ ইউনূসসহ পরিচালনা পর্ষদের ৮ জনকে তলব করে। ২৫ কোটি টাকা অর্থ আত্মসাত ও পাচারের অভিযোগে দুদক এ মামলা করেন। 

আজ সকাল ৯টায় আইনজীবীদের নিয়ে দুদকে হাজির হন ড. ইউনূস। এ সময় তার সঙ্গে ছিলেন আইনজীবী ব্যারিস্টার আব্দুল্লাহ আল মামুন, ব্যারিস্টার খাজা তানভীর আহমেদ। ড. ইউনূসকে মামলার তদন্তের অংশ হিসাবে এক ঘণ্টা জিজ্ঞাসাবাদ করেন তদন্ত কর্মকর্তা গুলশান আনোয়ার প্রধান। 

জিজ্ঞাসাবাদ শেষে সাংবাদিকরা নানা প্রশ্ন করেন ড. ইউনূসকে। তবে তিনি সেসব প্রশ্নের জবাবে বলেছেন, এটা একটা আইনি বিষয়। আমার আইনজীবীই সব বলবেন। আপনারা (সাংবাদিক) এসেছেন, অসংখ্য ধন্যবাদ। 

এরপরই তিনি দুদক কার্যালয় ত্যাগ করেন।

ইত্তেফাক/কেকে