দিনাজপুরের আব্দুর রহিম মেডিকেল কলেজ ও হাসপাতালে ১০ রোগীর হার্টে রিং প্রতিস্থাপন

আপডেট : ০৫ অক্টোবর ২০২৩, ১৭:৫৮

দিনাজপুরের এম আব্দুর রহিম মেডিকেল কলেজ ও হাসপাতালে শেষ হয়েছে দুই দিনব্যাপী আন্তর্জাতিক মানের কার্ডিয়াক ইন্টারভেনশন বিষয়ক কর্মশালা। কর্মশালার আয়োজন করে বাংলাদেশ রেডিয়াল ইন্টারভেনশন কোর্স এবং ঐ হাসপাতালের কার্ডিওলজি বিভাগ।

কর্মশালায় জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের পরিচালক প্রফেসর ডা. মীর জামাল উদ্দীনের নেতৃত্বে ১৫ সদস্যের একটি  বিশেষজ্ঞদল অংশগ্রহণ করে।

এই কর্মশালায় অত্যন্ত জটিল ১০ জন রোগীর হার্টের রিং প্রতিস্থাপন করা হয়। কর্মশালার দ্বিতীয় দিনে একটি সায়েন্টিফিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রফেসর ডা. মীর জামাল উদ্দীন, এম আব্দুর রহিম মেডিকেল কলেজ ও হাসপাতালের পরিচালক, প্রিন্সিপাল, ভাইস প্রিন্সিপালসহ প্রায় ২০০ জন চিকিৎসক উপস্থিত ছিলেন। গত রবি ও সোমবার এই কর্মশালা অনুষ্ঠিত হয়।

প্রফেসর ডা. মীর জামাল উদ্দীন বলেন, এই হাসপাতালে অত্যন্ত জটিল ১০ জন রোগীর হার্টের রিং প্রতিস্থাপন করতে সক্ষম হয়েছি এবং এই কর্মসূচি উক্ত হাসপাতালে কর্মরত হৃদরোগ চিকিৎসকদের কার্ডিয়াক ইন্টারভেনশন সক্ষমতা বাড়াবে এবং প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার স্বপ্ন বাংলাদেশের সাধারণ মানুষের জন্য সর্বোচ্চ চিকিৎসাসেবা নিশ্চিত করবে।

ইত্তেফাক/এআই