কুমিল্লার বুড়িচংয়ে কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এবং কেন্দ্রীয় আওয়ামী যুবলীগের সহ-সম্পাদক এহতেশামুল হাসান ভূঁইয়া রুমির নেতৃত্বে আওয়ামী লীগ সরকারের টানা ১৫ বছরের উন্নয়নমূলক কর্মকাণ্ড তুলে ধরে শান্তি-উন্নয়ন সমাবেশ ও শোভাযাত্রা করা হয়েছে।
শনিবার (৭ অক্টোবর) বিকেলে বুড়িচং উপজেলা সদর বাজারে কয়েক হাজার নেতাকর্মী নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের উল্লেখযোগ্য উন্নয়নমূলক কার্যক্রমের লিফলেট বিতরণ করা হয়।
এহতেশামুল হাসান ভূঁইয়া রুমি প্রধানমন্ত্রী শেখ হাসিনার বরাদ দিয়ে বলেন, শত ফুলকে ফুটতে দিন। এসব শত ফুলের মাঝে সবচেয়ে ভালো কাজ করা সুগন্ধি যুক্ত মেধাবী ও পরিশ্রমী ফুলটি আমি বেঁছে নেবো। বুড়িচং ব্রাহ্মণপাড়ায় আমার মেধা আমার পরিশ্রম আমার শিক্ষাগত যোগ্যতা এবং আমার বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের মাধ্যমে আমি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সবচেয়ে সুগন্ধযুক্ত সবচেয়ে মেধাবীর ফুলটি আমি হতে পারি এ ব্যাপারে আমি শতভাগ নিশ্চিত।
এসময় শোভাযাত্রায় উপজেলার প্রত্যন্ত গ্রাম-মহল্লা থেকে নেতাকর্মী, সমর্থক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ খণ্ড খণ্ড মিছিল নিয়ে বুড়িচং আনন্দ পাইলট সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে এসে সমবেত হন। পরে সেখান থেকে কয়েক হাজার মোটরসাইকেল ও শত শত গাড়ি নিয়ে শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি বুড়িচং সদর হয়ে শিবরামপুর, গোবিন্দপুর, শ্যামপুর, মালাপাড়া, কংশনগর ভারেল্লা, শিকারপুর, নিমসার হয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ধরে কোরপাই এলাকায় এসে শেষ হয়।
এহতেশামুল হাসান ভূইয়া রুমি বলেন, শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারকে আবারও ক্ষমতায় আনতে হলে আওয়ামী লীগ-মহিলা আওয়ামী ও যুব লীগ, যুব মহিলা লীগ ছাত্রলীগকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। রাত-দিন সবসময় যুবকরাই পারেন প্রতিটি ঘরে ঘরে আওয়ামী লীগ সরকারের উন্নয়ন চিত্র তুলে ধরতে এবং নৌকায় ভোট সংগ্রহ করতে। তাই আওয়ামী লীগ ও সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ আবারও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে রাষ্ট্রক্ষমতায় রাখতে নৌকা প্রতীকের জন্য ভোট প্রার্থনার বিকল্প নেই।

