পুরান ঢাকায় প্রতিমা তৈরিতে ব্যস্ত মৃৎশিল্পীরা

আপডেট : ০৮ অক্টোবর ২০২৩, ১৪:৫৬

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা। শরতের কাশফুল জানান দিচ্ছে শারদীয় দুর্গোৎসবের আগমনী বার্তা। সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস দুষ্টের দমন আর শিষ্টের পালনের জন্যই দেবী দুর্গার স্বর্গ থেকে আগমন ঘটেছিল মর্ত্যলোকে। দুর্গাপূজাকে ঘিরে রাজধানীর পুরান ঢাকায় প্রতিমা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন মৃৎশিল্পীরা। ভক্তদের হৃদয় ছুঁতে শিল্পীদের প্রতিযোগিতা চলছে মণ্ডপে মণ্ডপে। সময় যত ঘনিয়ে আসছে ততই বাড়ছে প্রতিমা শিল্পীদের ব্যস্ততা।

সরেজমিন দেখা যায়, পুরান ঢাকার বিভিন্ন পূজামণ্ডপে প্রতিমা তৈরির কাজ চলছে। এতে ব্যস্ততা বেড়েছে প্রতিমা শিল্পীদের। দ্রুত কাজ সম্পন্ন করতে রাত-দিন পরিশ্রম করছেন তারা। কাদা-মাটি, বাঁশ, খড়, সুতলি দিয়ে শৈল্পিক ছোঁয়ায় গড়ে তোলা হচ্ছে দেবীদুর্গার প্রতিমা। মনের মাধুরী মিশিয়ে ফুটিয়ে তুলছেন দুর্গা দেবীকে। দেবীদুর্গার প্রতিমা ছাড়াও কার্তিক, গণেশ, লক্ষ্মী ও সরস্বতীসহ অন্যান্য প্রতিমা তৈরির কাজ করছেন তারা।

পুরান ঢাকার প্রতিমা শিল্পীরা জানিয়েছেন, বেশিরভাগ মণ্ডপে প্রতিমাগুলোর ৮০ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে। এখন প্রতিমা সাজসজ্জা এবং রঙের কাজ শুরু করবেন তারা।

পুরান ঢাকার পূজা উদযাপন কমিটির দেওয়া তথ্য অনুযায়ী, রাজধানীর সবচেয়ে বেশি পূজা উদযাপিত হয় পুরান ঢাকায়। এবার শাঁখারিবাজার, তাঁতিবাজার, লক্ষ্মীবাজার, সূত্রাপুর, শ্যামবাজার প্যারীদাস রোড, কলতাবাজার, মুরগিটোলা, মদনমোহন দাস লেন, বাংলাবাজার গোয়ারনগর, জমিদারবাড়ী, গেণ্ডারিয়া, ডালপট্টি এলাকার অলিগলিতে পূজার আয়োজন করা হবে। ছোট-বড় বিভিন্ন মণ্ডপে চলছে প্রতিমা নির্মাণের কাজ।

প্রতিমা শিল্পী শ্রী দিলীপ পাল জানান, আমি ১৩টি মণ্ডপে প্রতিমা নির্মাণের কাজ পেয়েছি। সবগুলো মন্ডপে প্রতিমা তৈরিতে মাটির কাজ শেষ হয়েছে। কাজ মোটামুটি প্রায় শেষ, এখন গয়নাগাটি ক্রয় করে সাজসজ্জার কাজ শুরু করবো। তিনি আরও বলেন, বছরের এ-ই সময়ে আমরা অনেক ব্যস্ত থাকি। 

বাংলাবাজার শিরিস দাস লেনের আরেক প্রতিমা শিল্পী বলাই চন্দ্র চন্দ্র পাল বলেন, এ বছর ১২টি কাজের অর্ডার পেয়েছি। বেশিরভাগ ঢাকার বিভিন্ন পূজামণ্ডপের। ঢাকার বাইরে থেকে দুটি অর্ডার পেয়েছি। পূজার জন্য সাধারণত তিন মাস আগে থেকে কাজ শুরু করতে হয়। আমার প্রতিমা বানানোর কাজ প্রায় শেষ, এখন শুধু রঙ দিয়ে গ্রাহকদের কাছে পৌঁছে দেওয়ার পালা। তাও সব মিলিয়ে ব্যস্ততায় সময় কাটছে। প্রায়ই রাত তিনটা চারটায় ঘুমাতে যাই, আবার সকাল থেকে কাজ শুরু করি।

শাঁখারী বাজারের প্রতিমা শিল্পী হরিপদ পাল। তিনি ৩০ বছর ধরে এ পেশায় জড়িত। তিনি বলেন, অসুস্থ হয়ে গেছি। এখন আর আগের মতো কাজ করতে পারি না। অনেক অর্ডার আসে, কাজ করার সেই শক্তি নেই। দুজন সহযোগী নিয়ে কাজ করছি। এবার নিজেদের পূজামণ্ডপের জন্য, আর লক্ষ্মীবাজারের একটি মণ্ডপের জন্য বানাচ্ছি।

উল্লেখ্য, আগামী ১৩ অক্টোবর মহালয়ার মধ্যে দিয়ে শারদীয় দুর্গোৎসবের আমেজ ছড়িয়ে পড়বে। ১৯ অক্টোবর মহা পঞ্চমী, ২০ অক্টোবর ষষ্ঠী, ২১ অক্টোরর সপ্তমী, ২২ অক্টোবর অষ্টমী, ২৩ অক্টোবর নবমী ২৪ অক্টোবর বিজয়া দশমীর মধ্যে দিয়ে ৫ দিনব্যাপী হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গা পূজার পরিসমাপ্তি ঘটবে।

ইত্তেফাক/এআই