নড়াইল ও যশোর জেলা প্রশাসকের অফিসে চাকরি দেওয়ার কথা বলে প্রায় ২৫ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে এসএম রায়হান আলী (৪৫) ওরফে শওকত হোসেনের বিরুদ্ধে।
শুক্রবার (২০ অক্টোবর) সন্ধ্যায় তাকে যশোর থেকে গ্রেপ্তার করা হয়। রায়হান যশোর জেলার খড়কি এলাকার সৈয়দ আলীর ছেলে।
গ্রেপ্তারের ঘটনাটি নিশ্চিত করেছেন নড়াইল পুলিশ সুপার সাদিরা খাতুন। তিনি বলেন, রায়হান ওরফে শওকত হোসেন দীর্ঘদিন ধরে বিভিন্ন মানুষের কাছে জেলা প্রশাসক কার্যালয়য়ের ঊর্ধ্বতন কর্মকর্তা পরিচয় দিয়ে আসছিল। এই পরিচয় ব্যবহার করে বিভিন্ন মানুষকে অফিস সহায়ক পদে চাকরি দেওয়ার কথা বলে ৫ থেকে ৬ লাখ করে টাকা হাতিয়ে নেয়। এভাবে ৫ জন ব্যক্তির কাছ থেকে ২৫ লাখ ২০ হাজার টাকা হাতিয়ে নিয়েছে রায়হান।
এ ঘটনায় প্রতারক রায়হানের যথাযথ শাস্তি চান ভুক্তভোগীরা।
এদিকে গ্রেপ্তারকৃত রায়হানের কাছ থেকে একটি ল্যাপটপ, তিনটি মোবাইল ফোন ও পেনড্রাইভ, পাঁচটি ভুয়া নিয়োগপত্র, সরকারি কর্মকর্তা ও প্রতিষ্ঠানের নামের নয়টি সিল, একটি ব্যঙ্গক চেক ও বিভিন্ন ব্যক্তির জাতীয় পরিচয় পত্রের ফটোকপি উদ্ধার করেছে পুলিশ।
