চট্টগ্রামে সন্তানকে ঘুমে রেখে মায়ের আত্মহত্যা

আপডেট : ৩০ অক্টোবর ২০২৩, ০৩:৩০

জেলার রাউজানের পশ্চিম গুজরা ইউনিয়নের মজিদাপাড়া গ্রামে সাদিয়া নাসরিন (২৮) নামে এক নারী আত্মহত্যা করেছেন। গতকাল রোববার বাড়ির শয়নকক্ষে ফাঁসিতে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করে পুলিশ। তিনি ওমান প্রবাসী জিয়াউল হকের স্ত্রী। 

জানা গেছে, ২০১৩ সালে রাউজান পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের মৃত নুরুল আলমের মেয়ে সাদিয়া নাসরিনের সঙ্গে পশ্চিম গুজরা ইউনিয়নের কাগতিয়া মজিদাপাড়া গ্রামের আমিনুল হকের ছেলে জিয়াউল হকের বিয়ে হয়। বিয়ের তিন বছর পর জন্ম নেয় এক কন্যা সন্তান। শনিবার রাতে সাত বছর বয়সী কন্যা আনিকাকে ঘুম পাড়িয়ে রেখে বৈদ্যুতিক পাখার সঙ্গে ওড়না দিয়ে ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করে সাদিয়া। গতকাল সকালে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে পুলিশকে খবর দেওয়া হয়। পরে থানা পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়। 

রাউজান থানার ওসি আবদুল্লাহ আল হারুন বলেন, কি কারণে ঐ গৃহবধূ আত্মহত্যা করেছে তা জানা যায়নি।  

ইত্তেফাক/এমএএম