মিরসরাইয়ে মৌমাছির কামড়ে নুরুল আলম (৬০) নামে এক বৃদ্ধ মারা গেছেন। এ সময় আরও তিন জন আহত হয়েছে।
গতকাল রবিবার দুপুরে উপজেলার সাহেরখালী ইউনিয়নের পূর্ব ডোমখালী গ্রামে এ ঘটনা ঘটেছে। নুরুল আলম ঐ গ্রামের আলকাঠি বাড়ির রমজান আলী বেচুর পুত্র। আহতরা হলেন একই বাড়ির মো. শাহজাজান (৬০), মো. রুবেল (৩০) ও মো. মনির হোসেন (৩২)। আহতদের মধ্যে শাহজাহান সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। অন্য দুই জন প্রাথমিক চিকিৎসা শেষে বাড়িতে ফিরেছেন।
এলাকার বাসিন্দা মোহাম্মদ রাশেল বলেন, রবিবার সবাই একসঙ্গে মাঠে কাজ করছিলেন। এ সময় হঠাৎ মৌমাছির একটি দল এসে এলোপাথাড়ি সবাইকে কামড়াতে থাকে। তাদের মধ্যে নুরুল আলম ও শাহজাহান গুরুতর আহত হন। সেখান থেকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে নুরুল আলম মারা যান। আসরের নামাজের পর জানাজা শেষে তাকে দাফন করা হয়েছে। শাহজাহান হাসপাতালে চিকিৎসাধীন। রুবেল ও মনির প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
সাহেরখালী ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য (মেম্বার) মো. ইউসুফ নুরী ঘটনা নিশ্চিত করে বলেন, ‘মৌমাছির কামড়ে আমার ওয়ার্ডের একজন মারা গেছেন, আরও তিন জন আহত হয়েছেন। নুরুল আলমের দুই ছেলে ও এক মেয়ে রয়েছে।’
