বিএনপির অবরোধ সমর্থনে জাবি ছাত্রদলের বিক্ষোভ

আপডেট : ০৮ নভেম্বর ২০২৩, ১৩:৩৬

বিএনপি'র ডাকা তৃতীয় দফায় দেশব্যাপী অবরোধের সমর্থনে বিক্ষোভ মিছিল করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখা ছাত্রদলের নেতাকর্মীরা।

বুধবার (৮ নভেম্বর) সকাল দশটায় ঢাকা-আরিচা মহাসড়কের সিএন্ডবি এলাকা থেকে মিছিল শুরু করেন তারা। মিছিলটি জাবির মীর মশাররফ হোসেন হল সংলগ্ন গেইটে গিয়ে শেষ হয়। পরে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন নেতাকর্মীরা। 

এ সময় শেখ হাসিনার পদত্যাগ ও নির্বাচনকালীন সরকার পুনঃপ্রতিষ্ঠার একদফা দাবি আদায় ও দেশব্যাপী চলমান গণ-গ্রেফতার বন্ধ ও রাজবন্দিদের মুক্তি না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা।

বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন, ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক হাফিজুর রহমান সোহান, কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও জাবি শাখা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রহিম সৈকত ও সহ-সাংগঠনিক সম্পাদক ইব্রাহিম খলিল বিপ্লব। 

এছাড়া জাবির বঙ্গবন্ধু শেখ মুজিব হলের যুগ্ম আহ্বায়ক রাকিবুল হাসান শুভ, শহীদ রফিক জব্বার হলের যুগ্ম আহ্বায়ক আব্দুল কাদের মার্জুক, মীর মশাররফ হোসেন হলের যুগ্ম আহ্বায়ক ইকবাল হোসাইন, ছাত্রদল নেতা সেলিম রেজা, জুবায়ের আল মাহমুদ, নাইমুল হাছান কৌশিক, রেজাউল আমিন, সোহানুর রহমান সুইট, রাজু হাসান রাজন, এম আর মুরাদ, নিশাত আব্দুল্লাহ, জিল্লু, মেহেদী, মাসুম ও মুজাহিদ প্রমুখ উপস্থিত ছিলেন।

এ বিষয়ে ছাত্রদল নেতা নাইমুল হাছান কৌশিক বলেন, 'দেশনায়ক তারেক রহমানের আহ্বানে গণতন্ত্র পুনরুদ্ধার, ভোটের অধিকার প্রতিষ্ঠায় ফ্যাসিস্ট সরকারের পতনের অবরোধে ছাত্রদল রাজপথে আছে। দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছেড়ে যাবো না, দেশ ও দেশের মানুষের প্রয়োজনে রাজপথে রক্ত দেবো। জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা করেই ঘরে ফিরে যাবো।'

ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও জাবি শাখা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রহিম সৈকত বলেন, 'গণতন্ত্র ও ভোটাধিকার পুনরুদ্ধারের আন্দোলনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান কর্মসূচি ঘোষণা করেছেন, সেই কর্মসূচি সফল করার লক্ষ্যে আমরা মাঠে আছি। ভোটচোর সরকারের পতন ও মানুষের অধিকার আদায় না হওয়া পর্যন্ত ছাত্রদল অতীতের ন্যায় রাজপথে থাকবে।'

ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক হাফিজুর রহমান সোহান বলেন, 'জনগণের ভোটাধিকার হরনকারী আওয়ামী ফ্যাসিস্ট সরকারের অধীনে দেশে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। তাই ভোটাধিকার ফিরিয়ে দিতে বিএনপির এক দফা দাবি আদায়ে সর্বাত্মক অবরোধ কর্মসূচিতে ছাত্রসমাজ সামনে থেকে নেতৃত্ব দিচ্ছে। এই দাবি আদায় না হওয়া পর্যন্ত ছাত্ররা ঘরে ফিরবে না। আমরা সবাইকে এই আন্দোলনে অংশগ্রহণের আহবান জানাই।'

এর আগে, একই দাবিতে সকাল সাড়ে আটটায় সাভারের রেডিও কলোনি এলাকায় বিক্ষোভ মিছিল করেন ছাত্রদলের নেতাকর্মীরা।

ইত্তেফাক/এআই