রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া যৌনপল্লিতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ইউপি সদস্য আইয়ুব আলী খান (৫০) কে কুপিয়ে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে।
বুধবার (৮ অক্টোবর) দিবাগত রাত আড়াইটার দিকে এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছে। আহত আওয়ামী লীগ নেতা ঢাকা সাভার এনাম মেডিকেলে ভর্তি করা হয়েছে।
ভুক্তভোগী আইয়ুব আলী খান দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের ৩ নম্বর ওয়ার্ডের সদস্য ও দৌলতদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সহসভাপতি এবং দৌলতদিয়া যৌনপল্লির একজন বাড়িওয়ালা।
ইউপি সদস্য আইয়ুব আলী খানের ভাতিজা রুবেল খান বলেন, রাত আড়াইটার দিকে দৌলতদিয়া যৌনপল্লির আশরাফুল ইসলামের বাড়ি থেকে ইউপি সদস্য আইয়ুব আলী খানকে দৌলতদিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইয়াছিন শেখ, সভাপতি আব্বাস, শরীফসহ বেশ কয়েকজন এলোপাতাড়ি মাথাসহ বিভিন্ন স্থানে ৬টি কোপ দেয়। তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। তার অবস্থা গুরুতর হওয়ায় পরে তাকে ঢাকা সাভার এনাম মেডিকেলে ভর্তি করা হয়েছে।
গোয়ালন্দ ঘাট থানার ওসি স্বপন কুমার মজুমদার বলেন, ইউপি সদস্যকে কুপিয়ে জখমের ঘটনায় এখন পর্যন্ত কেউ অভিযোগ দায়ের করেনি। বিষয়টি মৌখিকভাবে শুনে অভিযুক্তদের আটকে অভিযান অব্যাহত রয়েছে।
