দীর্ঘদিন ধরে প্রবাসে বাংলাদেশের সংস্কৃতি ও কৃষ্টি-কালচার তুলে ধরতে কাজ করছে সামাজিক সংগঠন ওমান-বাংলাদেশ সোশ্যাল ক্লাব। বিভিন্ন সমস্যা ও সংকটে পাশে দাঁড়াচ্ছে প্রবাসীদের। নিজেদের কার্যক্রমকে আরও বিস্তৃত করতে এবার যাত্রা শুরু করলো সোশ্যাল ক্লাবের কুমিল্লা উইংস। সম্প্রতি, ওমানে বিশাল পরিসরে হয় এই শাখার পরিচিতি সভা।
ওমান সরকার অনুমোদিত - বাংলাদেশ সোশ্যাল ক্লাবের আঞ্চলিক উইংস হিসেবে ওমান সরকারের অনুমোদন পেয়েছে- বৃহত্তর কুমিল্লা উইং। সাধারণ সম্পাদক এমএন আমিন এর ঘোষণার মাধ্যমে বৃহত্তর কুমিল্লা উইংস এর নব গঠিত আহবায়ক কমিটির ফোরকানউদ্দিন আহমেদকে আহবায়ক ও সাইদুল ইসলামকে সদস্য সচিব করে ১৫ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটির নাম উন্মেচিত করা হয়।
এই উপলক্ষে ক্লাবের মেজর জেনারেল আমিন আহমেদ চৌধুরী হল রুমে পরিচিতি সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সোশ্যাল ক্লাব চেয়ারম্যান সিরাজুল হক।
উপস্থিত ছিলেন ক্লাবের এক্সিকিউটিভ কমিটিসহ ওমানস্থ সোশ্যাল ক্লাবের নোয়াখালী উইংস ও চট্টগ্রাম উইংস, স্পোর্টস উইংস, যুব উইংস, মিডিয়া কর্মী এবং বৃহত্তর কুমিল্লা উইংসের নেতারা।
বৃহত্তর কুমিল্লা উইংসকে ওমান সরকারের অনুমোদনের জন্য সার্বিক সহযোগিতা করায়- ক্লাবের চেয়ারম্যান সিরাজুল হক ও ক্লাবের এক্সিকিউটিভ কমিটির প্রতি কুমিল্লা অঞ্চলের অধিবাসীরা ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। ক্লাবের চেয়ারম্যান সকলকে ওমান সরকারের যাবতীয় নিয়ম কানুন মেনে সৌহার্দ্য ও সম্প্রীতির মাধ্যমে ক্লাব পরিচালনার আহবান জানান।
