ফরাসি সরকার ‘মেক ইট আইকনিক, চুজ ফ্রান্স’ নামে ক্যাম্পেইন চালু করেছে। ক্যাম্পেইনের মূল লক্ষ্য, বিশ্বজুড়ে ছড়িয়ে ছিটিয়ে থাকা সৃজনশীল প্রতিভার সমন্বয় ও ফ্রান্সের সঙ্গে বন্ধুত্বকে আদর্শায়িত করে তুলতে আমন্ত্রণ জানানো। হোক ব্যবসা, উদ্ভাবন, শিক্ষা, সংস্কৃতি বা বিজ্ঞান, ক্ষেত্রে যা-ই হোক না কেন এই ক্যাম্পেইনের মাধ্যমের ফরাসি চেতনার কেন্দ্রে উদ্ভাবনশীলতা এবং সাহসিকতা দেখাতে পারে প্রায় সবাই। ক্যাম্পেইনের অ্যাম্বাসেডরদের মধ্যে রয়েছেন ফুটবলার কিলিয়ান এমবাপে, নভোচারী থমাস পেসকুয়েট, ডিজাইনার ফিলিপ স্টার্ক ও বিশ্বখ্যাত শেফ মরি স্যাকো।
৮ ডিসেম্বর অ্যাম্বেসি অব ফ্রান্স বাংলাদেশের অফিশিয়াল প্লাটফর্ম বাংলাদেশি ফ্যাশন ডিজাইনার সামি আলমের ‘মেক ইট আইকনিক, চুজ ফ্রান্স’-এর একটি ভিডিও প্রকাশ করে। ভিডিওতে সামি আলমের বিভিন্ন সময়ের অর্জন প্রদর্শিত হয়েছে। ২০১০ সালে ব্লগ রাইটিং প্রতিযোগীতায় বিজয়ী হয়ে ফ্রান্সে যাওয়া এবং বিজনেস স্টাডি ছেড়ে ফ্যাশনে উচ্চতর শিক্ষাগ্রহণ শুরু করা, ২০১৯ সালে প্যারিসে তার প্রথম ফ্যাশন শো এবং চলতি বছর ‘মেড ইন বাংলাদেশ’ শীর্ষক ফ্যাশন শোয়ের দৃশ্য উপস্থাপন করা হয়েছে।
চলতি বছরের ফ্যাশন শো ছিল সবার আলোচনার কেন্দ্রে। বাংলাদেশি ফ্যাশন ইন্ডাস্ট্রির আট জন মডেল, কোরিওগ্রাফার ও অ্যাসিস্টেন্ট ডিজাইনার নিয়ে প্যারিস গিয়ে একা সব ব্যবস্থাপনা করার দায়িত্ব সহজ ছিল না। তবে সফলভাবেই তিনি এই ফ্যাশন শো করেছিলেন। জানিয়েছিলেন ফ্যাশন নিয়ে নিজের ভাবনার কথাও।
সবকিছু ছাপিয়ে ফ্রান্সের আন্তর্জাতিক ব্র্যান্ডিং ক্যাম্পেইনে অর্থাৎ বিশ্বমঞ্চে বাংলাদেশি তরুণ ফ্যাশন ডিজাইনারের ফিচার হওয়া নিঃসন্দেহে গৌরবের। ফরাসি কান্ট্রি ব্র্যান্ডিং ক্যাম্পেইনে আইকন হিসেবে তার স্থান পাওয়া বাংলাদেশি ফ্যাশন ইন্ডাস্ট্রির জন্য নতুন পথ ও স্বপ্ন তৈরি করবে বলে আশা ব্যক্ত করেন তিনি।
