বাগেরহাটের রামপাল থানা পুলিশ অভিযান চালিয়ে সাড়ে ২৯ কেজি হরিণের মাংসসহ এক চোরা শিকারিকে আটক করেছে। আটক শফিকুল শেখের (৩০) বিরুদ্ধে রামপাল থানায় বন্যপ্রাণী সংরক্ষণ আইনে একটি মামলা দায়ের করা হয়। আটক শফিকুল উপজেলার ভাগা গ্রামের মৃত হাসান আলীর ছেলে।
গোপন সংবাদের ভিত্তিতে রামপাল থানার অফিসার ইনচার্জ সোমেন দাশের নির্দেশনায় রবিবার রাতে উপজেলার হাতীরবেড় গ্রামের নতুনহাট ব্রিজের নিচে বগুড়া নদীতে থাকা একটি শ্যালো ইঞ্জিনচালিত নৌকায় অভিযান পরিচালনা করা হয়। এসআই লিটন কুমার বিশ্বাসের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স শফিকুল শেখ নামের চোরা ঐ শিকারিকে আটক করেন। ঐ সময় তার নৌকায় থাকা সাড়ে ২৯ কেজি তাজা হরিণের মাংস জব্দ করা হয়।
জানা গেছে, চোরা শিকারি শফিকুল দীর্ঘ দিন ধরে সুন্দরবন থেকে হরিণ শিকার করে তা লোকালয়ে এনে বিক্রি করেছিল। এ বিষয়ে রামপাল থানার ওসি সোমেন দাশ হরিণের মাংসসহ আটক ও আসামিকে বাগেরহাটের আদালতে পাঠানোর বিষয়টি নিশ্চিত করেছেন।
