ব্যবসায়ী ইউসুফ হত্যার ১ বছর পর আসামি মোস্তফা গ্রেপ্তার

আপডেট : ২৯ ডিসেম্বর ২০২৩, ২১:৩১

চট্টগ্রামের সীতাকুণ্ডে ব্যবসায়ী ইউসুফকে হত্যার ১ বছর পর দুর্ধর্ষ আসামি মোস্তফা ডাকাতকে গ্রেপ্তার করেছে র‌্যাব। মোস্তফা পৌরসভার কেদারখীল গ্রামের মৃত মজিবুল হকের ছেলে।

বুধবার (২৭ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে র‌্যাব অভিযান চালিয়ে পাহাড়তলী থানাধীন কর্ণেলহাট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে।

তার বিরুদ্ধে ডাকাতি, অস্ত্র ও হত্যা মামলাসহ ৪টি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

জানা গেছে, ২০২২ সালের ২০ ডিসেম্বর পৌরসভার বটতল এলাকাধীন সেবা পেট্রোল পাম্প সংলগ্ন মৃদুলা হোটেলে ব্যবসায়ী মো. ইউসুফ তার এক বন্ধুর সঙ্গে আলাপরত অবস্থায় আসামি মোস্তফাসহ ২ জনে মিলে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে হত্যা করে। ইউসুফ পৌরসভার নুনাছড়া গ্রামের গরু ব্যবসায়ী মদিন উল্ল্যাহর বড় ছেলে।

সীতাকুণ্ড মডেল থানার ওসি কামাল উদ্দিন বলেন, আসামিকে বৃহস্পতিবার আদালতে পাঠানো হবে।

ইত্তেফাক/এবি