সীতাকুণ্ডে ছাত্রলীগ নেতার ওপর সন্ত্রাসী হামলা, মাথায় ১০টি সেলাই

আপডেট : ০৩ জানুয়ারি ২০২৪, ২০:০৬

চট্টগ্রামের সীতাকুণ্ডে উপজেলা ছাত্রলীগের সহসভাপতি রিপনের ওপর প্রতিপক্ষের হামলা করার অভিযোগ উঠেছে। এতে গুরুতর আহত রিপনকে চমেক হাসপাতালে চিকিৎসাধীন ভর্তি করা হয়। গুরুতর আহত রিপনের মাথায় ১০টি সেলাই করা হয়েছে। সে সীতাকুণ্ড উপজেলা ছাত্রলীগের সহসভাপতি। 

বুধবার (৩ জানুয়ারি) দুপুর দেড়টায় সীতাকুণ্ড স্বাস্থ্য কমপ্লেক্সের বিপরীতে ৪ নম্বর মুরাদপুর ইউনিয়নের দোয়াজীপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

জানা গেছে, আগে থেকে রাস্তার মাথায় ওত পেতে থাকা আব্দুল মোমেন সুমনের নেতৃত্বে ৮/১০ জন সন্ত্রাসী মুরাদপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি রেহান উদ্দিনের পিতার জানাজা থেকে ফেরার পথে রিপন মাহমুদের ওপর হামলা চালায়। তাকে ধারালো অস্ত্র দিয়ে মাথায় কোপ দেয়া হয়। এবং গাছ দিয়ে শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি পিটিয়ে রক্তাক্ত যখম করা হয়। তাকে বাঁচাতে গেলে রিপনের সহকর্মী উপজেলা ছাত্রলীগের আরেক সহসভাপতি ইলিয়াছকে চড়-থাপ্পড় দিয়ে তাড়িয়ে দেয়। এদিকে আহত রিপনের চিৎকারের আশের পাশের লোকজন এগিয়ে আসলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর অবস্থা আশঙ্কাজনক হলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এ ছাড়া রিপনের বন্ধুরা তাকে দেখতে গেলে তাদেরকেও হুমকি দেওয়া হয়। তা ছাড়া হামলার ঘটনা শুনে উপজেলা ছাত্রলীগ নেতাকর্মীরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধের চেষ্টা করলে পুলিশ হামলাকারী সুমনকে গ্রেপ্তারের আশ্বাস দিলে মহাসড়ক অবরোধ প্রত্যাহার করে। 

এদিকে ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি রেহান উদ্দিন রেহান ঘটনার সত্যতা স্বীকার করে জানান,  দোয়াজীপাড়ার চিহ্নিত সন্ত্রাসী সুমনের বিরুদ্ধে ডাকাতি মামলাসহ বিভিন্ন মামলা থানায় আছে।

সীতাকুণ্ড মডেল থানার ওসি মো. কামাল উদ্দিন বলেন, তারা ছাত্রলীগ-ছাত্রলীগে মারামারি করে। তবে আমরা তাকে গ্রেপ্তার করার চেষ্টা চালিয়ে যাচ্ছি।

ইত্তেফাক/পিও