বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার বিবস্ত্র অবস্থায় হিরা আকতার মাদরাসা ছাত্রীর (১২) লাশ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার বিকেলে পশ্চিম বহরবুনিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
হিরা বহরবুনিয়া ইউনিয়নের ছাপড়াখালী গাজীরঘাট দাখিল মাদরাসার নৈশ প্রহরী গাউস শেখের মেয়ে ও একই মাদরাসার ষষ্ঠ শ্রেণির ছাত্রী।
স্থানীয়রা জানান, হিরার মা সকালে তার মেঝ বোনকে নিয়ে বাগেরহাটে ডাক্তার দেখাতে যান। বাবা গাউস শেখ মেয়ের সঙ্গে দুপুরের খাবার খেয়ে ৩টার দিকে বাড়ি থেকে বের হন। বিকেল ৫টার দিকে তিনি জানতে পারেন বাড়িতে আড়ের সঙ্গে হিরার লাশ ঝুলছে। খবর পেয়ে বাড়িতে এসে মেয়ের বিবস্ত্র এবং গলায় গামছা প্যাঁচানো লাশ ঝুলতে দেখেন।
আরও পড়ুন: জকসুর গঠনতন্ত্র প্রণয়নে কমিটি গঠন
হিরার চাচা খলিল শেখ জানান, বাড়ি ফাঁকা থাকার সুযোগে কে বা কারা বাড়িতে ঢুকেছিল এবং উচ্চ শব্দে সাউন্ড বক্স বাজিয়েছিল।
মোরেলগঞ্জ থানার অফিসার ইনচার্জ কেএম আজিজুল ইসলাম জানান, পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। সুরাতহাল ও ময়না তদন্তে প্রকৃত ঘটনা জানা যাবে।
ইত্তেফাক/অনি

