রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) নির্মাণাধীন শহীদ এএইচএম কামরুজ্জামান আবাসিক হলের শাটারিংসহ ছাদ ধসে ৩ শ্রমিক গুরুতর আহত হয়েছেন।
মঙ্গলবার (৩০ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকের এই ঘটনায় আহত শ্রমিকদের রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহতরা হলেন, গাইবান্ধা জেলার সাঘাটার শাহ জামালের ছেলে আজাদুল ইসলাম (৩৫), চাঁপাইনবাবগঞ্জ জেলার অনুপনগরের মাহাবুবের ছেলে সিফাত (২২) ও রাজশাহী জেলার গোদাগাড়ীর পাহাড়পুর গ্রামের মৃত আঃ সামাদের ছেলে সিহাব (২৫)।
রাজশাহী সদর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সেরর উপপরিচালক ওহিদুল ইসলাম জানান, মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পূর্বপাড়ায় নির্মাণাধীন ১০তলা বিশিষ্ট শহীদ এএইচএম কামারুজ্জামান আবাসিক হলের মূলভবন সংলগ্ন অংশের একতলার ছাদের কাজ করছিলেন ১৩ জন শ্রমিক। এ সময় হঠাৎ ওই ভবনের একতলার শাটারিংসহ নির্মাণাধীন ছাদ ধসে পড়ে।
এতে তিনজন শ্রমিক গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে রামেক হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারা রামেক হাসপাতালের চিকিৎসাধীন রয়েছেন। এই দুর্ঘটনার কারণ অনুসন্ধান চলছে।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক সুলতান উল ইসলাম জানান, ছাদ ঢালাই শেষে হওয়ার পর শাটারিংসহ ভেঙে পড়েছে। আহতদের উদ্ধার ও চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। এ বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে।
