দিল্লিতে বাংলাদেশ দূতাবাসে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০২৪, ২২:১৮

যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে নয়া দিল্লির বাংলাদেশ হাই কমিশনে ‘মহান শহিদ দিবস’ ও ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’ পালিত হয়েছে।

বুধবার (২১ ফেব্রুয়ারি) স্থানীয় সময় সকাল সাড়ে ৮টায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে দিনব্যাপী কর্মসূচি শুরু হয়।

কর্মসূচির অংশ হিসেবে মিশনের কর্মকর্তা-কর্মচারী ও প্রবাসী বাংলাদেশীরা একুশের প্রভাতফেরিতে যোগ দেন। প্রভাতফেরি শেষে তারা দূতাবাসের শহিদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পণ করেন। এ সময় ভাষা শহিদদের স্মৃতির উদ্দেশ্যে ১ মিনিট নীরবতা পালন করা হয়।     

দিবসটি উপলক্ষে একটি বিশেষ আলোচনা সভার আয়োজন করা হয়। এ সময় রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রীর বাণী পাঠ করা হয়। এছাড়া, দিবসটিকে উপজীব্য করে নির্মিত একটি তথ্যচিত্রও প্রদর্শন করা হয়।

হাই কমিশনার রহমান তার বক্তব্যে স্বাধীন-সার্বভৌম বাংলাদেশ প্রতিষ্ঠায় ভাষা আন্দোলনের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা তুলে ধরেন। এ সময় তিনি সর্বস্তরে বাংলা ভাষার ব্যবহার নিশ্চিত করা এবং বাংলা ভাষা ও বাঙালি সংস্কৃতির সংরক্ষণ ও তাকে বিশ্বের দরবারে তুলে ধরার উপর গুরুত্বারোপ করেন।

একইসঙ্গে তিনি নিজ ভাষার পাশাপাশি অন্য ভাষা শেখার উপরও জোর দেন। হাই কমিশনার একুশের অবিনাশী চেতনা ও বঙ্গবন্ধুর অনুপম আদর্শকে হৃদয়ে ধারণ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের উন্নয়নে অবদান রাখতে সকলের প্রতি উদাত্ত আহবান জানান।     

সন্ধ্যায় দিবসটি উপলক্ষে দূতাবাসের বঙ্গবন্ধু হলে বহুভাষাভিত্তিক এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে বাংলাদেশ ও স্বাগতিক দেশ ভারতসহ চিলি, ঘানা, জাপান ও নেপালের সাংস্কৃতিক দল তাদের পরিবেশনায় নিজ নিজ দেশের ভাষা ও সংস্কৃতিকে তুলে ধরে। এ সময় নয়া দিল্লীর ইউনেস্কো আঞ্চলিক কার্যালয়ের প্রতিনিধি ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৪’ উপলক্ষে ইউনেস্কোর মহাপরিচালক বাণীটি পাঠ করে শোনান।   

পরিশেষে ভাষা শহিদদের পাশাপাশি বাঙালির স্বাধীনতা ও স্বাধিকার আন্দোলনের সব পর্যায়ে ঐতিহাসিক ভূমিকা পালনকারী সকল শহিদদের আত্মার মাগফেরাত এবং দেশের অব্যাহত শান্তি, উন্নয়ন ও সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাত করা হয়।    

ভারতের বিশিষ্ট রাজনৈতিক নেতা, উচ্চপদস্থ কর্মকর্তা, বিদেশি কূটনীতিক এবং প্রবাসী বাংলাদেশিরা এ অনুষ্ঠানে যোগ দেন।     

ইত্তেফাক/এবি