তামাক ক্ষেতে ছাগল ঢোকা নিয়ে বিরোধের জেরে একই পরিবারের তিনজনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করেছে প্রতিপক্ষরা। আজ বুধবার সকালে মেহেরপুরের গাংনী পৌরসভার ফতাইপুর গ্রামে এ ঘটনা ঘটে। আহতরা হলেন ফতাইপুর গ্রামের জনি, তার স্ত্রী জাম্বিয়া খাতুন ও ছেলে বিজয়। হামলাকারী জহুরুল ইসলাম ও আহত জনি সম্পর্কে চাচাতো ভাই।
জানা গেছে, ফতাইপুর গ্রামের রুহুল আমিনের ছেলে জহুরুলের ছাগল জনির তামাক ক্ষেত প্রায়ই খেয়ে যায়। জনি এর প্রতিবাদ করলে দুপক্ষের মধ্যে বাকবিতন্ডা হয়। এক পর্যায়ে ছাগল মালিক জহুরুল ইসলাম ও তার ভাই আরিফুল ইসলাম গোলাপ দেশীয় ধারালো অস্ত্র নিয়ে জনিদের ওপর হামলা চালায়। এতে জনি, তার স্ত্রী জাম্বিয়া ও ছেলে বিজয় মারাত্মক আহত হন। তাদের গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
আহত জনি জানান, আমার তামাক ক্ষেত জহুরুল ইসলামের ছাগল প্রায়ই খেয়ে যায়। জহুরুলকে বলতে গেলে তারা আমাদের ওপর হামলা চালিয়েছে। এ নিয়ে মামলার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।
গাংনী পৌরসভার ৬ নং ওয়ার্ডের কাউন্সিলর নাসির উদ্দিন বলেন, আহত এবং হামলাকারীরা আপন চাচাতো ভাই। বিষয়টি পারিবারিকভাবে মেটানোর চেষ্টা করছি।
