আসন্ন পবিত্র রমজানের প্রথম ১০ দিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নিয়মিত পাঠদান কার্যক্রম চালু থাকবে। এই দশ দিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কার্যক্রমের জন্য সময়সূচিও ঠিক করে দেওয়া হয়েছে। নতুন সময়সূচি অনুযায়ী, ক্লাস চলবে সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত।
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, জোহরের নামাজের জন্য বেলা সোয়া ১টা থেকে দেড়টা পর্যন্ত বিরতি থাকবে।
এর আগে পবিত্র রমজান মাসে মাদ্রাসার ছুটির তালিকা সংশোধন করা হয়। এতে ১৫ দিন ছুটি কমানো হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২১ মার্চ পর্যন্ত সব মাদ্রাসায় শিক্ষা কার্যক্রম চলবে।
পবিত্র রমজান উপলক্ষে ৭ মার্চ থেকে মাদ্রাসায় ছুটি শুরুর কথা থাকলেও তা এবার সংশোধন করা হয়। সম্প্রতি শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, গত ১১ ফেব্রুয়ারি জারি করা দেশের ৩টি সরকারি আলিয়া মাদ্রাসা এবং বেসরকারি ইবতেদায়ি, দাখিল, আলিম, ফাজিল ও কামিল মাদ্রাসাগুলোর জন্য ২০২৪ সালের ছুটির তালিকা আংশিক সংশোধনক্রমে ৭ থেকে ২১ মার্চ পর্যন্ত ১৫ দিন শ্রেণি কার্যক্রম চালু থাকবে।
অপরদিকে পবিত্র রমজান মাসে সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের অফিসের সময়সূচিও পরিবর্তন করা হয়েছে। এসব দপ্তর চলবে সকাল ৯টা থেকে বেলা সাড়ে ৩টা পর্যন্ত। জোহরের নামাজের জন্য বেলা সোয়া একটা থেকে দেড়টা পর্যন্ত বিরতি থাকবে।
