আঙুলের ছাপ বিড়ম্বনায় ভোটার উপস্থিতিতে প্রভাব পড়তে পারে: টিটু

আপডেট : ০৯ মার্চ ২০২৪, ১৩:১৯

ময়মনসিংহ সিটির সাবেক মেয়র ও মহানগর আওয়ামী লীগের সভাপতি ইকরামুল হক টিটু বলেছেন, অনেক ভোটারের আঙুলের ছাপ না মেলায় তাদের জাতীয় পরিচয়পত্র নিয়ে আসতে হচ্ছে। একজন ভোটার ২ থেকে ৩ বার যদি এই বিড়ম্বনায় পড়ে তাহলে ভোটার উপস্থিতিতে প্রভাব পড়তে পারে। 

শনিবার (৯ মার্চ) সকাল ৯টায় নগরীর প্রিমিয়ার আইডিয়াল স্কুল কেন্দ্রে তিনি ভোট প্রদানের পর তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ভোটের পরিবেশ ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক। ভোট কেন্দ্রগুলোতে ভোটার উপস্থিতিও ভালো। দীর্ঘদিন মানুষের জন্য কাজ করায় এবং প্রচারণায় মানুষের সাড়া দেখে এটুকু বুঝতে পারছি এবার টেবিল ঘড়ি বিপুল ভোটে জয়ী হবে। 

সিটি নির্বাচনে মেয়র পদে পাঁচজন, ৩৩টি সাধারণ ওয়ার্ড কাউন্সিলর পদে ১৪৯ জন এবং ১১টি সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর পদে ৬৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। 

মেয়র প্রার্থীরা হলেন, ময়মনসিংহ সিটি কর্পোরেশনের সদ্য সাবেক মেয়র ও মহানগর আওয়ামী লীগের সভাপতি মো. ইকরামুল হক টিটু (টেবিল ঘড়ি), জেলা আওয়ামী লীগের সভাপতি এহতেশামুল আলম (ঘোড়া), উপদেষ্টা পরিষদের সদস্য সাদেক খান মিল্কী টজু (হাতি), কেন্দ্রীয় কৃষক লীগের সাবেক সদস্য রেজাউল হক (হরিণ) এবং জেলা জাতীয় পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম স্বপন মণ্ডল (লাঙ্গল)।

ইত্তেফাক/পিও