ঢাকা বিশ্ববিদ্যালয়ে গ্রাম-বাংলার আবহে বসন্ত বরণ

আপডেট : ১১ মার্চ ২০২৪, ১৩:০৪

ঋতুরাজ বসন্তকে বরণ করতে গ্রাম-বাংলার আবহে বর্ণিল এক উৎসব আয়োজন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক সংসদ। গতকাল রোববার বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্রে দিনব্যাপী এই উৎসব অনুষ্ঠিত হয়। উৎসবে বিশেষ আকর্ষণ হিসেবে গ্রামীণ লোকজ মেলা, তারকা শিল্পীদের পরিবেশনায় মনোরম সাংস্কৃতিক সন্ধ্যা, পোশাকের স্টল, অলংকার ও খাবারের স্টলের পাশাপাশি নাগরদোলা, বানর নাচ, সাপের খেলা, পুতুল নাচ, বায়োস্কোপ, মোরগ লড়াই, পুঁথিপাঠ, কীর্তন, টিয়া পাখির সাহায্যে ভাগ্যগণনাসহ বাহারি সব আয়োজন অন্তর্ভুক্ত ছিল। সকাল ১০টায় শুরু হয়ে এসব আয়োজন চলে রাত ১০টা পর্যন্ত।

অনুষ্ঠানের অতিথিরা

বিকেলে আলোচনা সভা, গুণীজন সম্মাননা, ক্রোড়পত্রের মোড়ক উন্মোচন ও শোভাযাত্রা আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজকল্যাণমন্ত্রী ডা. দীপু মনি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য তানভীর শাকিল জয় এবং জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সৌমিত্র শেখর।  এছাড়া সাংস্কৃতিক ব্যক্তিত্ব হিসেবে গুণীজন সম্মাননা গ্রহণ করেন সঙ্গীতশিল্পী রফিকুল আলম, একুশে পদকপ্রাপ্ত নৃত্যশিল্পী শামীম আরা নিপা, সঙ্গীতশিল্পী আবিদা সুলতানা এবং অভিনয়শিল্পী ডা. এজাজুল ইসলাম। অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন টিএসসির উপদেষ্টা অধ্যাপক ড. সৌরভ শিকদার এবং অভিনয়শিল্পী মনোজ প্রামাণিক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক সংসদের মডারেটর অধ্যাপক সাবরিনা সুলতানা চৌধুরী।

অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন সংগঠনের সভাপতি দেবজ্যোতি বিশ্বাস ও সাধারণ সম্পাদক কেএম তানভীরুল হক।

আলোচনার পর ঢাকা বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক সংসদের শিল্পীরা মনোজ্ঞ সাংস্কৃতিক আয়োজন পরিবেশন করেন। সন্ধ্যায় ব্যান্ডদল 'এভয়েডরাফা' ও 'কৃষ্ণপক্ষ' সঙ্গীত পরিবেশন করে।

Nagordola

আয়োজকরা জানান, বাংলা সংস্কৃতিকে অনন্য মাত্রায় তুলে ধরতে ডিইউসিএস-এর এই আয়োজন। দিন দিন চিরায়ত সংস্কৃতিগুলো হারিয়ে যাচ্ছে। শহরের বুকে একটুকরো গ্রাম ফুটিয়ে তোলাই এমন উৎসবের উদ্দেশ্য। শহরের মানুষও যেন গ্রামীণ লোকজ ঐতিহ্য সম্পর্কে জানতে পারেন।

অনুষ্ঠানে মিডিয়া পার্টনার ছিল দৈনিক ইত্তেফাক।

ইত্তেফাক/এসটিএম

এ সম্পর্কিত আরও পড়ুন